‘ছোট্ট ব্যারি’কে একবার দেখতে চান তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীর দুর্বল হয়ে পড়েছে। বয়সের ভারে অনেকটা নুয়ে পড়েছেন। এই বয়সেও প্রতিবেশীদের কাপড় পরিষ্কার করে জীবনধারণ করতে হচ্ছে। এসব নিয়ে তাঁর কোনো আক্ষেপ নেই। নেই তেমন কিছু চাওয়ারও। তবে জীবনের এই শেষ সময়ে যদি ষাটের দশকের সেই ‘ছোট্ট ব্যারি’কে আর একবার কাছে পেতেন! খুব ভালো লাগত। তাঁর সেই ছোট্ট ব্যারিই আজকের বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আর তাঁকে একবার কাছ থেকে দেখার প্রবল ইচ্ছা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছের উপশহর মেনটেংয়ের এক বস্তির বাসিন্দা টুর্ডির। ওবামার ছেলেবেলায় তাঁকে দেখাশোনা, খাওয়া-দাওয়া, স্কুলে আনা-নেওয়াসহ সবকিছুই করতে হতো টুর্ডিকে!‘আমি এমন বড় কেউ নই, কোনো সাহায্যেরও দরকার নেই আমার, তাই ব্যারির কাছ থেকে কোনো কিছু পাওয়ারও আশা করি না। শুধু একবার কাছ থেকে ব্যারিকে দেখতে চাই। এর বেশি কিছু নয়।’—বলছিলেন ৬৬ বছর বয়সী টুর্ডি। তিনি জানান, আট বছর বয়সী ওবামাকে দেখাশোনা করার সেই দিনগুলো মনে করতে বেশ ভালো লাগে।ষাটের দশকে মা স্ট্যানলি অ্যান ডানহাম ও সৎ বাবা লোলো সোয়েটোরোর সঙ্গে বছর চারেক ইন্দোনেশিয়ায় কেটেছে ওবামার। মা ডানহাম মার্কিন নাগরিক হলেও সৎ বাবা লোলো ছিলেন ইন্দোনেশিয়ান। সেই সূত্র ধরেই ইন্দোনেশিয়ায় যাওয়া। ওই সময়টায় প্রায় দুই বছর ওবামাকে দেখাশোনা করার জন্য টুর্ডিকে রাখা হয়েছিল। টুর্ডির ভাষায় তাঁকে ‘পরিবারের সদস্য’ হিসেবেই দেখত ওবামার পরিবার। ‘আমার এই ঘরে আমাকে দেখতে আসা তাঁর (ওবামা) পক্ষে অসম্ভব। আর আমার যুক্তরাষ্ট্রে যাওয়া শুধু স্বপ্নেই সম্ভব। তাই সৃষ্টিকর্তা শুধু ইচ্ছা করলে আবার আমাদের দেখা হওয়া সম্ভব।’—বলছিলেন টুর্ডি।টুর্ডি জানান, তিনি হিজড়া। নারীর পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে ওবামাকে দেখাশোনা ও তাঁদের বাড়িতে কাজ করার সময় পুরুষের পোশাকে থাকতেন। ওবামা এত ছোট ছিল যে, এ বিষয়টি বুঝতেন না। ওবামার চুল ও গায়ের রঙের জন্য স্কুলের বন্ধুরা তাঁকে বিরক্ত করত। তাঁকে ‘ব্যারি নিগ্রো’ বলে ডাকত। ওবামা রাগ করতেন না, শুধু হাসতেন। ওবামার জন্য গর্ববোধ করেন টুর্ডি। তিনি বিশ্বাস করেন, বিশ্বনেতা ওবামা ‘বিশ্বের সব বৈষম্য’ নির্মূলে সহায়তা করতে পারেন। তাঁদের মতো মানুষের প্রতি বৈষম্যও দূর করতে সহায়তা করতে পারেন। ওবামাকে দেখতে টুর্ডির এই ইচ্ছার বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। ষাটের দশকে ইন্দোনেশিয়ায় ওবামার পরিবারের প্রতিবেশীরা টুর্ডিকে চিনতেন। টুর্ডিকে ওবামার দেখাশোনার জন্য রাখা হয়েছিল তাও নিশ্চিত করেন প্রতিবেশীরা। এএফপি।