‘জারদারি দুর্নীতিবাজ ও মাথামোটা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ কর্মকর্তারা পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে ‘চরম দুর্নীতিবাজ’ ও ‘মাথামোটা’ বলে অভিহিত করেছেন। উইকিলিকসের ফাঁস করা তথ্যে এ কথা জানা গেছে।জারদারি ২০০৮ সালের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ব্রিটিশ কর্মকর্তা ও সামরিক নেতারা তাঁকে এসব বিশেষণে ভূষিত করেন। উইকিলিকসের প্রকাশ করা তথ্যের বরাত দিয়ে দ্য ডেইলি টেলিগ্রাফ এ খবর দিয়েছে।ব্রিটিশ কর্মকর্তাদের কথার রেশ ধরে তৎকালীন প্রতিরক্ষাবিষয়ক চিফ অব স্টাফ স্যার জক স্টিরাপ মার্কিন কূটনীতিকদের বলেন, জারদারি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পাকিস্তানের অবস্থা ইতিমধ্যেই খারাপ হয়ে পড়েছে। তিনি বলেন, জারদারি ‘সহযোগিতামূলক রাজনীতি’র ধুয়া তুললেও তিনি দৃশ্যত একজন মাথা মোটা মানুষ।ব্রিটিশ ঊর্ধ্বতন কর্মকর্তারাও জক স্টিরাপের কথার প্রতিধ্বনি করে বলেন, দেশকে কীভাবে চালাতে হয়, এ বিষয়ে তাঁর (জারদারি) তেমন ধারণা নেই। ক্ষমতা আঁকড়ে ধরে থাকা ছাড়া তাঁর কোনো লক্ষ্যও নেই। উইকিলিকসের ফাঁস করা তথ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মন্ত্রিসভার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্যার পিটার রিকেটসের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের কথোপকথনের রেকর্ড রয়েছে। এতে দেখা যায়, রিকেটস বলেছেন, ‘ব্রিটিশ সরকার জারদারিকে পছন্দ করতে পারে। তবে আমি ভীত যে তিনি (জারদারি) শুধু বকবকই করতে পারেন, এর চেয়ে বেশি কিছু নয়।’২০০৭ সালে স্ত্রী বেনজির ভুট্টোর মৃত্যুর পর পাকিস্তান পিপলস পার্টির দায়িত্ব গ্রহণ করেন জারদারি। জেনারেল পারভেজ মোশাররফের সামরিক সরকারের পতনের পর তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।২০০৮ সালের এপ্রিলে লন্ডনে মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনে একটি তারবার্তা পাঠানো হয়। স্যার পিটার রিকেটস বলেন, ওই তারবার্তায় দেখা যায়, ব্রিটিশ সরকার জারদারির বিষয়ে আমাদের কাছে কিছু লুকানোর চেষ্টা করেনি। ওই তারবার্তায় বলা হয়, অধিকাংশ দেশের সরকারই জারদারিকে ব্যাপক দুর্নীতিবাজ ও একজন অজনপ্রিয় শাসক বলে মনে করে। দুর্ভাগ্যজনকভাবে স্ত্রীর মৃত্যুই তাঁকে ক্ষমতায় আসতে সহায়তা করেছে। টাইমস অব ইন্ডিয়া।