‘জারদারি প্রেসিডেন্ট হয়েছেন শুনে রক্ত হিম হয়ে গিয়েছিল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আততায়ীর গুলিতে নিহত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ভাতিজি ফাতিমা ভুট্টো বলেছেন, আসিফ আলী জারদারির পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার খবর শুনে হঠাৎ যেন তাঁর রক্ত হিম হয়ে গিয়েছিল। তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন। জারদারির বিরুদ্ধে ফাতিমার বাবা মুর্তাজা ভুট্টো হত্যায় জড়িত থাকার অভিযোগ থাকলেও তা থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।১৯৯৬ সালের ২০ সেপ্টেম্বর করাচিতে নিজ বাসভবনের কাছে পুলিশের গুলিতে নিহত হন মুর্তাজা। তখন ফাতিমার বয়স ছিল ১৪ বছর। ২০০৯ সালের ৩ ডিসেম্বর করাচির একটি আদালত ওই হত্যাকাণ্ডে জড়িত পুলিশের ২০ সদস্যকে মামলা থেকে অব্যাহতি দেন।নিজের সদ্য প্রকাশিত আত্মজীবনী সংস অব ব্লাড অ্যান্ড সোর্ড বইয়ে ফাতিমা ভুট্টো লিখেছেন, ‘২০০৮ সালের ২০ সেপ্টেম্বর আমার বাবার মৃত্যুবার্ষিকীর দিন পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জারদারি। শপথ অনুষ্ঠান এক দিন আগে অর্থাৎ ১৯ সেপ্টেম্বর নির্ধারিত থাকলেও নতুন প্রেসিডেন্ট জারদারির নির্দেশে তা এগিয়ে আনা হয়।’যেখানে তাঁকে সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত করা হয়েছে, সেই পার্লামেন্টে দাঁড়িয়ে (জেনারেল পারভেজ মোশাররফকে যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত করা হয়েছিল, সেই একই পদ্ধতিতে) বক্তৃতা থামিয়ে জারদারি তাঁর শ্যালকের মৃত্যুবার্ষিকী স্মরণে নীরবতা পালন করেন। ফাতিমা লিখেছেন, ‘ওই দৃশ্য দেখে আমার রক্ত জমে গিয়েছিল। মুহূর্তটি এমন ছিল, মনে হচ্ছিল তিনি আমাদের সবাইকে তিরস্কার করছেন।’ফাতিমা লিখেছেন, ‘জারদারি তাঁর ক্ষমতা গ্রহণের প্রথম দিনই আমার বাবাকে হত্যার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা শোয়াইব সাদেলকে সম্মানিত করেন। জনগণের কল্যাণে অসামান্য অবদান রাখার জন্য তাঁকে হিলাল-ই-ইমতিয়াজ পদকে ভূষিত করা হয়। পরে তাঁকে ফেডারেল ইনভেস্টিগেশন ব্যুরোর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।’১৯৯৬ সালে বেনজিরের সরকারকে বরখাস্ত করার পর মুর্তাজা হত্যাকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে জারদারিকে আটক করা হয়েছিল। তবে উপযুক্ত তথ্য-প্রমাণের অভাবে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করা যায়নি। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরপরই এবং পুলিশি তদন্ত দল পৌঁছানোর আগেই ঘটনাস্থল থেকে সব আলামত মুছে ফেলা হয়েছিল।ফাতিমা ভুট্টোর বইটি এমন এক সময় প্রকাশিত হলো, যখন দেশটিতে সংবিধান সংশোধনের মাধ্যমে প্রেসিডেন্টের একচ্ছত্র ক্ষমতা খর্ব করার প্রক্রিয়া চলছে।চার দশক ধরে সহিংসতা মোকাবিলা করে আসছে ভুট্টো-পরিবার। প্রতি দশকেই তারা একজন করে সদস্যকে হারিয়েছে। ১৯৭৯ সালে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় দেশটির তত্কালীন প্রেসিডেন্ট ফাতিমার নানা জুলফিকার আলী ভুট্টোকে। ১৯৮৫ সালের ১৮ জুলাই ফ্রান্সের নাইসে তাঁর মামা শাহনেওয়াজ রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। পরে তাঁর মৃতদেহ পাওয়া যায়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া