'জেনেভা ব্যর্থতার জন্য দায়ী বাশার সরকার'
সুইজারল্যান্ডের জেনেভায় শান্তি আলোচনার দ্বিতীয় পর্ব ব্যর্থ হওয়ায় সিরিয়ার সরকারকে দায়ী করেছে ফ্রান্স ও যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ গতকাল রোববার বলেন, আলোচনা ব্যর্থ হওয়ার জন্য পুরোপুরি বাশার আল-আসাদ সরকার দায়ী। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিয়াস বলেন, সিরিয়ার সরকার আলোচনার ‘অগ্রগতির’ পথ বন্ধ করে দিয়েছে। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে অবরুদ্ধ ফিলিস্তিনি শিবির ইয়ারমুক থেকে অধিকাংশ সিরীয় বিদ্রোহী সরে গেছে। একজন ফিলিস্তিনি কর্মকর্তা গতকাল রোববার এ কথা জানান।
ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) কর্মকর্তা আনওয়ার আবদেল হাদি বলেন, ইয়ারমুকে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সঙ্গে চুক্তির পর অধিকাংশ সিরীয় অস্ত্রধারী এই শিবির থেকে সরে গেছে।
আবদেল হাদি আরও বলেন, ফিলিস্তিনি নয়, এমন কোনো অস্ত্রধারীর প্রবেশ ঠেকাতে শিবিরের বাইরে ফিলিস্তিনি যোদ্ধাদের মোতায়েন করা হয়েছে।
এই শিবিরে সিরিয়ার বাসিন্দাদের সঙ্গে প্রায় দেড় লাখ ফিলিস্তিনিও বসবাস করতেন। তবে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর শিবিরের একটি বড় অংশই ধ্বংস হয়ে গেছে। পালিয়েছে বহু বাসিন্দা। একপর্যায়ে সিরিয়ার বিদ্রোহীরা শিবিরটির নিয়ন্ত্রণ নিয়ে নিলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সেনাবাহিনী এর ওপর কঠোর অবরোধ আরোপ করে। এএফপি, বিবিসি।