‘জ্যাকি’র অভিবাদনে নাৎসি বাহিনীতে তোলপাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ১৯৪১ সালটি ছিল ঘটনাবহুল। পার্ল হারবারে জাপানের বোমা হামলার পর যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো এ যুদ্ধে জড়িয়ে পড়ে। এ সময় সোভিয়েত ইউনিয়নে হামলা চালায় জার্মানি। কিন্তু এসব ঘটনার মধ্যে নাৎসি বাহিনীর সব মনোযোগ কেড়ে নেয় একটি কুকুর। ফিনল্যান্ডের ওই কুকুরটির নাম ছিল জ্যাকি।সম্প্রতি জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশ করা গোপন নথি থেকে এ তথ্য জানা গেছে। তাতে দেখা গেছে, নাৎসি বাহিনী ওই কুকুরটির ওপর প্রচণ্ড ক্ষুব্ধ ছিল। হিটলারকে নাৎসি বাহিনী যেভাবে অভিবাদন জানাত, ঠিক সেভাবে কুকুরটি পা উঁচিয়ে অভিবাদন জানাত। নাৎসি বাহিনীর সন্দেহ ছিল, হিটলারকে ব্যঙ্গ করতেই কুকুরটিকে এভাবে অভিবাদন জানানো শেখানো হয়েছে।ফিনল্যান্ডের ওষুধ ব্যবসায়ী তোর বর্গ ছিলেন কুকুরটির মালিক। নাৎসি বাহিনীর মতো অভিবাদন জানানোর কৌশল রপ্ত করার পর বর্গের স্ত্রী কুকুরটির উপাধি দেন ‘হিটলার’। এতে নাৎসি বাহিনী এতই ক্ষুব্ধ হয়েছিল যে তারা বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দেয়। কর্মকর্তারা কুকুরটির মালিক ও এটির ওপর তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। এমনকি তোর বর্গের মালিকানাধীন একটি ওষুধ কোম্পানি বন্ধ করে দেওয়ারও পরিকল্পনা করা হয়।ঐতিহাসিকেরা এ কুকুরটি নিয়ে নাৎসি বাহিনীর কর্মকাণ্ড সম্পর্কে কিছুই জানতেন না। সম্প্রতি একজন গবেষক এ-সংক্রান্ত ৩০টি নথি আবিষ্কারের পর বিষয়টি সবার নজরে আসে। গবেষক ক্ল হিলেনব্র্যান্ড এসব নথিকে ‘সম্পূর্ণ বিচিত্র’ বলে উল্লেখ করেছেন। হেলসিংকিতে কর্মরত জার্মান ভাইস কনসাল উইলি আর্কলেঞ্জ ১৯৪১ সালের ২৯ জানুয়ারি লেখা একটি চিঠিতে কুকুরটির পা উঁচিয়ে অভিবাদন জানানোর কথা উল্লেখ করেছেন। এ ঘটনায় কুকুরটির মালিক তোর বর্গকে হেলসিংকির জার্মান দূতাবাসে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তিনি নিজে কুকুরটিকে ‘হিটলার’ নামে ডাকার অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু তাঁর স্ত্রী জোসেফাইন কুকুরটিকে এ নামে ডাকেন বলে স্বীকার করেন। অভিযোগ এড়ানোর চেষ্টা করে তিনি বলেন, সব সময় নয়, হিটলার ক্ষমতা গ্রহণের পর ১৯৩৩ সালে মাঝেমধ্যে কুকুরটি পা উঁচিয়ে অভিবাদন জানাত। ডেইলি মেইল।