মার্কিন মায়ের হেফাজতে দত্তক নেওয়া রুশ শিশুর মৃত্যু
‘ট্র্যাজেডি’ পুঁজি করে ফায়দা না নিতে রাশিয়াকে হুঁশিয়ারি
দত্তক নেওয়া রুশ শিশু ম্যাক্স শ্যাট্টোর মৃত্যুর মতো ‘ট্র্যাজেডিকে পুঁজি করে ফায়দা না নিতে’ রাশিয়াকে হুঁশিয়ার করে দিয়েছেন দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। দেশটির কর্মকর্তারা একজন মার্কিন নারীর বিরুদ্ধে ওই দত্তক শিশুকে হত্যার অভিযোগ তোলার পর এই হুঁশিয়ারি উচ্চারণ করা হলো।মার্কিন রাষ্ট্রদূত মিশেল ম্যাকফল বলেন, ম্যাক্স শ্যাট্টোর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা রাশিয়ার কূটনীতিকদের সঙ্গে কাজ করছেন। তিন বছর বয়সী শিশু ম্যাক্স গত জানুয়ারি মাসে মারা যায়। ওই শিশুকে রাশিয়ার একটি এতিমখানা থেকে ওই মার্কিন নারী দত্তক নিয়েছিলেন। মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, সম্প্রতি রাশিয়া যুক্তরাষ্ট্রে কোনো শিশুকে দত্তক প্রদান নিষিদ্ধ করার যে পদক্ষেপ নিয়েছে, তার বৈধতার পেছনে ওই মৃত্যুর ঘটনাকে বারবার অজুহাত হিসেবে দাঁড় করানো হচ্ছে।ম্যাকফল গতকাল শুক্রবার বলেন, ওই শিশুর মৃত্যুকে কেন্দ্র করে যে প্রচারণা ছড়ানো হচ্ছে, বিশেষ করে যেভাবে মার্কিন কর্মকর্তা ও কূটনীতিকদের চিহ্নিত করা হচ্ছে, তাতে তিনি ভীষণ মর্মাহত। তিনি বলেন, ম্যাক্সের আসলে কী হয়েছিল, তা বের করতে সর্বাত্মক তদন্ত চলছে। ‘অপরাধী প্রমাণিত না হওয়া পর্যন্ত একজন ব্যক্তি নির্দোষ’—মার্কিন সমাজের এই নীতি মেনে চলতে তদন্তকারীরা বাধ্য।ম্যাকফল আরও বলেন, গত দুই দশকে রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে দত্তক নেওয়া ২০টি শিশুর মৃত্যুতে তিনি খুবই দুঃখিত। কিন্তু পাশাপাশি তিনি গর্বিত যে আরও ৬০ হাজার দত্তক শিশু যুক্তরাষ্ট্রে বাবা-মায়ের ভালোবাসা পাচ্ছে, নতুন পারিবারিক বন্ধনে বেড়ে উঠছে, আর তাদের সামনে রয়েছে অপার সম্ভাবনা।তিনি বলেন, এখন মানব ট্র্যাজেডি নিয়ে ফায়দা লোটা বন্ধ এবং এ বিষয়সহ অন্য বিষয়গুলোতে দুই দেশের মধ্যকার সহযোগিতাকে এগিয়ে নেওয়ার সময় এসেছে।এর আগে ম্যাক্স শ্যাট্টোর মৃত্যুর ঘটনায় রাশিয়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। দেশটিতে ম্যাক্স ‘ম্যাক্সিম কুজমিন’ নামে পরিচিত। ক্ষুব্ধ রুশ কর্মকর্তাদের অভিযোগ, তাকে মারধর ও নির্যাতন করে মেরে ফেলা হয়েছে।রাশিয়ার শীর্ষ গোয়েন্দা সংস্থা বুধবার ওই ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করে। গত সপ্তাহে দেশটির শিশুবিষয়ক কমিশনার তাঁর টুইটার পেজে লেখেন, ম্যাক্সকে তাঁর দত্তক গ্রহীতা মা লরা শ্যাট্টো মেরে ফেলেছেন। বিবিসি।