'তারকাযুদ্ধ' প্রকল্প নিচ্ছে রাশিয়া
আগামী ২০১৭ সালে ‘তারকাযুদ্ধ’ কায়দার নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার চিন্তাভাবনা করছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মহাশূন্যের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে বিভিন্ন রুশ বার্তা সংস্থা গতকাল শুক্রবার এই খবর দিয়েছে। সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বলেছে, প্রতিশ্রুতিশীল এস-৫০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এখন বিকাশের পর্যায়ে রয়েছে। ২০১৭ সালে এটা মোতায়েন করার পরিকল্পনা করা হচ্ছে। দূরপাল্লার এই ‘তারকাযুদ্ধ’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মহাশূন্যে থাকা কোনো লক্ষ্যবস্তুকেও ধ্বংস করতে সক্ষম। নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে রাশিয়া বর্তমানে অত্যধিক কার্যকরী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার দিকে মনোযোগ দিচ্ছে। পাশাপাশি তারা ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বর্ম মোতায়েনের বিষয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিরোধিতা করে আসছে।
রাশিয়া বলছে, বর্তমানে তাদের হাতে থাকা সবচেয়ে উন্নত প্রযুক্তির বিমানবিধ্বংসী ও ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা এস-৪০০ ট্রায়াম্ফের পাল্লা ৪০০ কিলোমিটার। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর বলেছিলেন, আগামী দশকে রুশ সশস্ত্রবাহিনীর জন্য ২৮টি এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার দরকার হবে। এএফপি।