‘তালেবান পাকিস্তানে জাতিগত বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে’
তালেবানপন্থী পাকিস্তানি জঙ্গিরা দেশে জাতিগত বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক। গত শনিবার ইসলামাবাদে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। গত সপ্তাহে লাহোর ও কোয়েটাতে বোমা হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে রেহমান মালিক এই অভিযোগ করেছেন। পাকিস্তানি তালেবান ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে। লাহোরে বোমা হামলায় ৩৩ জন নিহত হন। কোয়েটায় নিহত হন ৬৫ জন।পাকিস্তানের সরকার এমনিতেই দেশের চলমান বন্যা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। নতুন এই বোমা হামলার ঘটনা সরকারকে আরও চাপে ফেলবে বলে মত দিয়েছেন বিশ্লেষকেরা। গত শুক্রবার পাকিস্তানের তালেবান যুক্তরাষ্ট্র ও ইউরোপেও হামলা চালানোর হুমকি দিয়েছে। দুই দিন আগে ওয়াশিংটন তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার পরই এই হুমকি দিল সংগঠনটি। শনিবার মালিক বলেন, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তালেবান ও আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা এখন সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, গত ৬২ বছর ধরে পাকিস্তানে সাম্প্রদায়িক সমস্যা বিরাজ করছে। জঙ্গিরা আবারও হামলা চালাতে পারে। তবে পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক হাসান আসকারি রিজভি বলেন, জঙ্গিরা সাম্প্রদায়িকতা উসকে দিয়ে সংঘাত ছড়ানোর চেষ্টা করেছে। কিন্তু তারা সফল হয়নি। তিনি বলেন, জঙ্গিরা জনগণের সমর্থন পাওয়ার চেষ্টা করছে না। তারা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে চাইছে। এটাই তাদের একমাত্র উদ্দেশ্য। ৩০ লাখ মানুষ এখনো ত্রাণ পায়নি: জাতিসংঘপাকিস্তানে ভয়াবহ বন্যার এক মাস পেরিয়ে গেলেও দুর্গত এলাকার ৩০ লাখ মানুষ এখনো কোনো ত্রাণ সহযোগিতা পায়নি। এ অবস্থায় শিশুরা সবচেয়ে বিপদগ্রস্ত হয়ে পড়েছে। জাতিসংঘ এ কথা জানিয়েছে।পাকিস্তানে জাতিসংঘ মানবাধিকার সমন্বয়কারী মার্টিন মগওয়াঞ্জা গতকাল রোববার আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অপুষ্টির শিকার প্রায় ৭২ হাজার শিশু এখন মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। ৫০ হাজার গর্ভবতী নারীও একই রকম ঝুঁকিতে আছেন।মার্টিন মগওয়াঞ্জার বক্তব্যের সূত্র ধরে পাকিস্তান সরকার স্বীকার করেছে, বিপর্যয়ের এক মাস পেরিয়ে গেলেও প্রায় ১০ লাখ মানুষ এখনো কোনো ধরনের ত্রাণ সহযোগিতা পায়নি। রয়টার্স, আল-জাজিরা।