‘তালেবানের মধ্যে ভাঙন ধরানোই কারজাই ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য’
সহিংসতার পথ ছেড়ে তালেবান জঙ্গিদের শান্তি আলোচনায় নিয়ে আসতে উদ্যোগী হয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। এই প্রচেষ্টায় তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকেও সমর্থন পেয়েছেন। কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, তালেবানের প্রধান মোল্লা ওমরসহ প্রকৃত বিপজ্জনক তালেবান জঙ্গিদের এই প্রক্রিয়ার মধ্যে আনা যাচ্ছে না। আসলে তালেবানের মধ্যে ভাঙন ধরানোই এই উদ্যোগের উদ্দেশ্য। যেমনটা ইরাকে করেছিল যুক্তরাষ্ট্র।গত শুক্রবার লন্ডনে ন্যাশনাল পাবলিক রেডিওকে দেওয়া এক সাক্ষাত্কারে হিলারি বলেন, ‘আমরা আসলে সত্যিকার বিপজ্জনক ব্যক্তিদের সঙ্গে আলোচনায় যেতে পারছি না। কেননা, তাঁরা আল-কায়েদার সংশ্লিষ্টতা বা সহিংসতার পথ ছাড়বেন না, সমাজের সঙ্গে পুনরায় মিশে যেতে রাজি হবে না।’হিলারি স্পষ্ট করে জানান, মোল্লা ওমর এবং পাকিস্তানভিত্তিক তালেবান জঙ্গিদের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না ওয়াশিংটন। তিনি বলেন, ‘এই আলোচনায় মোল্লা ওমর বা তাঁর মতো কেউ থাকছেন না। কিন্তু পাকিস্তানে অনেক তালেবান যোদ্ধা আছে।’হিলারি বলেন, ‘সবাই বুঝে গেছে, শুধু যারা সহিংসতা ছাড়তে চায়, আল-কায়েদা থেকে বেরিয়ে আসতে চায়, আফগানিস্তানের সংবিধান মেনে সমাজে বাস করতে চায়, আমরা কেবল তাদেরই লক্ষ্য করেছি। যেমনটা আমরা ইরাকে করেছিলাম।’মোল্লা ওমর জানিয়ে দিয়েছেন, এ ধরনের আলোচনার কোনো সম্ভাবনা নেই, যতক্ষণ না বিদেশি সেনারা আফগানিস্তান ছাড়ছে এবং তাদের অন্যান্য দাবি পূরণ না হচ্ছে। আর আইএসআই কর্মকর্তা কর্নেল ইমামসহ ওমরের পাকিস্তানি আশ্রয়-প্রশ্রয়দাতারা জানিয়েছে, মোল্লা ওমরকে বাদ দিয়ে এ ধরনের আলোচনায় কোনো লাভ হবে না।কর্নেল ইমাম (প্রকৃত নাম ব্রিগেডিয়ার সুলতান আমির তারার) সম্প্রতি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি সত্যিই আন্তরিক কোনো পদক্ষেপ নেয়, তাহলে দেখবেন এই মানুষগুলো (তালেবান) কতটা বড় মনের। তাঁর কথা রাখবে। আর আপনার উদ্দেশ্য যদি হয় তালেবানদের মধ্যে ভাঙন ধরানো, তাহলে ব্যর্থ হবেন। কেউ যদি ধরে নেয় তালেবান নেই, তাহলে তিনি নিজেকেই ধোঁকা দেবেন।’ জিনিউজ।