'তোমার ধারণা ভুল ছিল, প্রিয়তমা '
সিনেমা দেখার আবদার করেছিলেন প্রেমিকা৷ কিন্তু সামান্য দুটি টিকিটও কেনার সামর্থ্য ছিল না ওয়াংয়ের৷ এ জন্য প্রেমিকা ভৎ৴সনা করেছিলেন তাঁকে৷ ছেড়ে যাওয়ার আগে তাঁকে শুনিয়ে গিয়েছিলেন, ‘সারা জীবন তুমি এমন হতদরিদ্রই থাকবে৷’ খবর এএফপির৷
সারা বিশ্বের সঙ্গে চীনেও গতকাল মুক্তি পেয়েছে ট্রান্সফরমার সিরিজের চতুর্থ ছবি এজ অব এক্সটিংশন ছবিটি৷ প্রথম দিনেই বেইজিংয়ের চারটি হলের সবগুলো টিকিট কিনে নেন সেই ওয়াং৷ খরচ করেছেন ৪০ হাজার মার্কিন ডলার৷ প্রেমিকাকে দেখাতে চেয়েছেন, তিনি আর হতদরিদ্রটি নেই৷
গত সাত বছরে বিপুল অর্থ উপার্জন করেছেন তিনি৷ চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম সিনা ওইবোতে পোস্ট দিয়ে নিজের কাহিনি জানিয়েছেন তিনি৷ ওয়াং লিখেছেন, ২০০৭ সালে কলেজের চতুর্থ বর্ষে পড়াশোনা করতেন৷ তখন প্রেম আসে তাঁর জীবনে৷ কিন্তু পকেট ছিল প্রায় ফাঁকা৷ প্রেমিকাকে নিয়ে সিনেমায় যাওয়ার সামর্থ্যও তাঁর ছিল না৷ একপর্যায়ে সেই প্রেমিকা তাঁকে ছেড়ে বেইজিং চলে যান৷ যাওয়ার আগে কপর্দকশূন্য ওয়াংকে উপহাস করেন৷ সেদিন কথাগুলো শেলের মতো বিঁধেছিল ওয়াংয়ের মনে৷ সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করেছিলেন, দারিদ্র্যকে জয় করবেন৷ওয়াং তাঁর সেই প্রেমিকার উদ্দেশে লিখেছেন, ‘বেইজিংয়ের চারটি হলের সব কটি আসন আগাম বুকিংয়ের জন্য আমার প্রতি মাসের আয়ের মাত্র অর্ধেক খরচ হয়েছে৷ আজ আমি শুধু বলতে চাই, আমাকে ছেড়ে বেইজিং চলে যাওয়ার দিন তুমি যা বলেছিলে, তা ভুল ছিল, প্রিয়তমা৷’
অনলাইনে তাঁর এ লেখা সবাইকে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন ওয়াং, যাতে বিষয়টি তাঁর সেই প্রেমিকার নজরে আসে৷ গতকাল সকাল পর্যন্ত এক লাখ ১০ হাজার বার তা পোস্ট দেওয়া হয়৷ সত্যি সত্যি সেই প্রেমিকার চোখে পড়েছে ওয়াংয়ের লেখাটি৷
গণমাধ্যমকে ওয়াং বলেন, তাঁর প্রাক্তন প্রেমিকা ফোনে যোগাযোগ করেছেন৷ যদিও তাঁদের সম্পর্ক জোড়া লাগার কোনো আশা নেই৷