'তোমাকে ভালোবাসি' বলা যেখানে অসম্ভব

আমি তোমাকে ভালোবাসি।’ প্রিয়জনকে প্রাণভরে এই সহজ সুন্দর কথাটি বলতে পারে না ভিয়েতনামের মানুষ। চাইলেও একজন ভিয়েতনামি প্রেমিক বা প্রেমিকা তার মনের মানুষকে নিজ ভাষায় বলতে পারবে না ‘আই লাভ ইউ’।
কারণ, এ কথা বলার মতো কোনো সুযোগ ভিয়েতনামি ভাষায় নেই। তাদের ভাষায় এমন কোনো শব্দ নেই, যা দিয়ে ‘আমি’ বা ‘তুমি’ বলা বোঝানো যাবে।
ভিয়েতনামের লোকজন বড় ভাইকে বলে ‘আইন’ আর বড় বোনকে ‘খ্রি’। ছোট ভাইবোনকে বলা হয় ‘পেই’। এ জন্য ভিয়েতনামি লোকজন অচেনা কারও সঙ্গে কথা বলতে গেলে প্রথমে তার বয়স জেনে নেয় এবং সে অনুযায়ী সম্বোধন করে।
প্রচলিত রীতি অনুযায়ী, ভিয়েতনামের মানুষ যেভাবে ভালোবাসা প্রকাশ করে, তা প্রেমিক-প্রেমিকার ভালোবাসা নয়। সেখানে ভালোবাসার বিষয়টা অন্য রকম। তারা যেভাবে কথা বলে, এতে বড় ভাই ছোট বোনকে ভালোবাসে, যে স্নেহ বিশ্বের সব বড় ভাই-ই করে থাকে। আবার বড় বোন একইভাবে ছোট ভাইকে ভালোবাসে।
দেশটিতে ব্যক্তিগত বা বিভিন্ন বয়সীদের বা অবস্থানে থাকা লোকজনের মধ্যে সম্পর্ক বোঝাতে ৪০টির বেশি সর্বনাম ব্যবহার করা হয়।
ঐতিহ্যবাহী নারীর পোশাক
কেবল ভাষাই নয়, অন্যান্য ক্ষেত্রেও ভিয়েতনামি মানুষের রয়েছে স্বতন্ত্র ঐতিহ্য। এর মধ্যে নারীর এক ধরনের পোশাক রয়েছে।
ঘন কালো চুলের ভিয়েতনামি নারীরা রেশমি পোশাক পরে সাইকেল চালিয়ে যাচ্ছে, মৃদ বাতাসে উড়ছে পোশাকের প্রান্ত। পটভূমিতে রয়েছে মনোরম প্রাকৃতিক দৃশ্য। এমন ছবিওয়ালা পোস্টকার্ড ও ছবির লাখ লাখ কপি বিক্রি হয়েছে দুনিয়াজুড়ে।
‘ও জিঘ’ নামের এই পোশাক নারীরা সাধারণত বিশেষ কোনো অনুষ্ঠান বা আতিথেয়তার সময় পরে থাকে। ইতিহাস বলে, আঠারো শতকের দিকে ভিয়েতনামি নারীরা এ পোশাক পরতে শুরু করে। উনবিংশ শতকের বিশের দশকে এ পোশাকের আধুনিক রূপ দেখা যায় প্যারিসে। তখন ভিয়েতনাম ছিল ফ্রান্স-ইন্দোচায়নার অংশ।
ফ্রান্সের ফ্যাশন ডিজাইনার নুইয়েন কে তো ১৯২৫ সালে পোশাকটি আবার নতুন করে নকশা করেন। একপর্যায়ে এটি জাতীয় পোশাকের মর্যাদা পায়। আর ১৯৫০ ও ’৬০-এর দশকে দেশটির দক্ষিণাঞ্চলে পোশাকটি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। তবে কমিউনিস্ট শাসনকালে এই পোশাকের তীব্র নিন্দা করা হতো। এ সময় এটি খুব কম পরা হতো।
প্রিয় নাম নুইয়েন
রাজধানী হ্যানয় থেকে হলিউড পর্যন্ত ভিয়েতমানের লাখ লাখ মানুষের ডাকনাম নুইয়েন। প্রধানমন্ত্রীর নাম নুইয়েন তান জুং, ভিয়েতনামি বংশোদ্ভূত মার্কিন অভিনেতার নাম ডাসটিন নুইয়েন। নুইয়েন নামটি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে বেশ জনপ্রিয়।ধারণা করা হয়, নামটি এসেছে চীন থেকে। কয়েক শতাব্দী ধরে হাজার হাজার পরিবার রাষ্ট্রনায়ক নুইয়েনের নামে নাম রেখেছে, আবার অনেকে বাধ্য হয়ে নাম পরিবর্তন করে এই নাম রেখেছে।
প্রতি ছয়জনের জন্য একজন নিরাপত্তাকর্মী

ভিয়েতনাম কোনো পুলিশি রাষ্ট্র নয়। তাই বলে এই নয় যে সেখানে কেউ নজরদারি করছে না। নাশকতার কোনো ছিঁটেফোঁটা আলামত রয়েছে কি না, তা দেখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থা ও বাহিনী কাজ করে যাচ্ছে। এর মধ্যে রয়েছে সেনাবাহিনী, পুলিশ, আধাসামরিক বাহিনী, গ্রামরক্ষী বাহিনী, শহরে ওয়ার্ডেন। তারা সবাই জাতীয় প্রতিরক্ষা বাহিনী বা জননিরাপত্তা মন্ত্রণালয়ে এসব বিষয়ে প্রতিবেদন দাখিল করে।এক জরিপে দেখা গেছে, চার কোটি ৩০ লাখ কর্মজীবী জনগোষ্ঠীর দেশটিতে নিরাপত্তা বাহিনীতে রয়েছে ৬৭ লাখ সদস্য। প্রতি ছয়জন কর্মজীবীর জন্য রয়েছে একজন করে নিরাপত্তাকর্মী।
যুদ্ধে ভিয়েতনামিদের বেশি প্রাণ গেছে
ফরাসি উপনিবেশ থেকে মুক্ত হতে ১৯৪৬ সালে ফ্রান্সের সঙ্গে যুদ্ধের আগে ভিয়েতনামের কমিউনিস্ট নেতা হো চি মিন ফ্রান্সকে সতর্ক করে বলেছিলেন, ‘তোমার দেশের একজনকে আমি হত্যা করলে তুমি আমার দেশের ১০ জনকে হত্যা করতে পারো। এর পরও তুমি হারবে, আর আমি জয়ী হব।’ সত্যিই তিনি প্রথম ইন্দোচায়না যুদ্ধে জয়ী হয়েছিলেন। এরপর এক জরিপে দেখা গেছে, ভিয়েতনামিদের এ নিহত হওয়ার অনুপাত ছিল পাঁচ গুণ বেশি। একই সঙ্গে ১৯৫৫ থেকে ’৭৫ সাল পর্যন্ত ইন্দোচায়না যুদ্ধে ৫৮ হাজার ২২০ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। আর ভিয়েতনামির সংখ্যা ছিল ৩০ লাখ।
একসময়ের কারাগার এখন পর্যটনকেন্দ্র
পর্যটকদের কাছে ভিয়েতনাম হলো ‘লুকানো জাদুমন্ত্র।’ ফো কোক ও কান দেও হলো মনোমুগ্ধকর দুটি দ্বীপ। এর পেছনের ইতিহাস অন্য রকম। কান দেও ছিল ফরাসি ঔপনিবেশিক কারাগার। সেখানে রাজনৈতিক বন্দীদের রাখা হতো। এ ছাড়া দ্বীপটি বিখ্যাত ছিল বাঘের খাঁচার মতো গর্তের জন্য। সেখানে ১০ ফুট দীর্ঘ ও পাঁচ ফুট চওড়া একটি কক্ষে পাঁচজনকে রাখা হতো। সেখানে প্রায় ২০ হাজার লোক নিহত হয়েছে বলে ধারণা করা হয়। দ্বীপটি দক্ষিণাঞ্চলীয় ভিয়েতমানের কারাগার হিসেবেই ব্যবহূত হয়েছে।
অন্যদিকে ফো কোক দ্বীপটিও ফরাসিদের একটি কারাগার হিসেবে ব্যবহূত হয়। মূল ভূখণ্ড থেকে দূরে এই দ্বীপ দুটি একসময় কারাগার হিসেবে ব্যবহূত হলেও এখন পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান।
মৃত্যু মানেই জীবনের শেষ নয়
ভিয়েতনামবাসীর ধর্মীয় বিশ্বাস হলো, মৃত্যু মানেই জীবনের শেষ নয়। মৃত্যু মানে পরপারে আরেক জীবনে চলে যাওয়া। সেখানে চলে পৃথিবীর মতো দিনযাপন। কিন্তু সেখানে তারা কীভাবে মুঠোফোন, ওয়াশিং মেশিন বা নতুন জামাকাপড় ছাড়া থাকবে?
তাই নিহত ব্যক্তির স্বজনেরা কাগজ দিয়ে তৈরি এসব জিনিস কিনে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ধারণা করা হয়, এই আগুনের ধোঁয়ার মধ্য দিয়ে এসব জিনিস ওপারে থাকা ব্যক্তির কাছে পৌঁছে যায়।
ভিয়েতনাম সরকারের এক জরিপে দেখা গেছে, গত বছর প্রায় দুই কোটি ডলারের কাগজের জিনিসপত্র পোড়ানো হয়েছে। বিবিসি অনলাইন অবলম্বনে।