'দক্ষিণ সুদানের বোর শহরের পরিস্থিতি ভয়াবহ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ সুদানে সরকার ও বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ে গৃহহারা নুয়ের উপজাতির একটি পরিবার জাবেলে জাতিসংঘ শরণার্থী শিবিরে অস্থায়ী ঘর তুলছে। গতকাল তোলা ছবি: রয়টার্স
দক্ষিণ সুদানে সরকার ও বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ে গৃহহারা নুয়ের উপজাতির একটি পরিবার জাবেলে জাতিসংঘ শরণার্থী শিবিরে অস্থায়ী ঘর তুলছে। গতকাল তোলা ছবি: রয়টার্স

দক্ষিণ সুদানের বোর শহরে সহিংসতা বাড়তে থাকায় সেখানে ভীতিকর পরিবেশ সৃষ্টি হতে চলেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের এক কর্মকর্তা।
জংলেই প্রদেশের বিদ্রোহী-নিয়ন্ত্রিত বোর শহরে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়ে কথা বলার সময় এ মন্তব্য করেছেন জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সমন্বয়ক তোবে লেনজার। সহিংসতা বন্ধ করে আলোচনা শুরু করার জন্য দেশটির রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ মিশন।
এদিকে, দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির গতকাল সোমবার পার্লামেন্টে জানান, বোর শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য অভিযান চালাতে সব প্রস্তুতি শেষ করেছে সেনাবাহিনী।
বোর শহর থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।
দক্ষিণ সুদানে সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে সপ্তাহ খানেক আগে থেকে। সরকার ও বিরোধী পক্ষ লড়াই করে যাচ্ছে। প্রেসিডেন্ট কির অভিযোগ করেছেন, তাঁকে উৎখাতে সামরিক অভ্যুত্থানের চেষ্টা করছেন তাঁর সাবেক ডেপুটি প্রেসিডেন্ট রিক মাচার। গত জুলাইতে তাঁকে সরকার থেকে বাদ দেওয়া হয়।
তবে প্রেসিডেন্ট কিরের অভিযোগ অস্বীকার করে রিক মাচার। এএফপি, বিবিসি।