'দল চালাতে বোফোর্সের অর্থ নেন রাজীব গান্ধী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজীব গান্ধী
রাজীব গান্ধী

ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধী তাঁর রাজনৈতিক দল কংগ্রেস পরিচালনার ব্যয় সংকুলানের জন্যই সুইডেনের অস্ত্র ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ নিয়েছিলেন। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের (সিবিআই) সাবেক প্রধান এ পি মুখার্জির আত্মজীবনীতে এই তথ্য রয়েছে।
প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান বোফোর্স ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে ১৯৮৬ সালে একটি চুক্তি হয়। এতে বোফোর্সকে বাড়তি সুবিধা দেওয়ার নেপথ্যে রাজীব গান্ধী জড়িত ছিলেন বলে ১৯৮৭ সালে অভিযোগ ওঠে। ওই ঘটনা পর বোফোর্স কেলেঙ্কারি হিসেবে পরিচিতি পায়।
এ পি মুখার্জি দাবি করেন, তাঁর সঙ্গে ১৯৮৯ সালের ১৯ জুন এক আলাপচারিতায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন রাজীব গান্ধী। তিনি ১৯৮৪ সালের শেষ দিকে জানতে পারেন, সশস্ত্র বাহিনীর কয়েকজন কর্মকর্তা প্রতিরক্ষা ক্রয়সংক্রান্ত ব্যাপারে গোপনে বড় অঙ্কের অর্থ ‘কমিশন’ হিসেবে নিয়েছেন।
১৯৮৯-৯০ মেয়াদে সিবিআইয়ের প্রধান পদে দায়িত্ব পালনকারী মুখার্জি আরও লিখেছেন, রাজীব গান্ধীর উপদেষ্টাদের কেউ কেউ সব ধরনের আর্থিক লেনদেন নিষিদ্ধ করা উচিত বলে পরামর্শ দেন। তবে প্রতিরক্ষা ক্রয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিয়মিত কাজের অংশ হিসেবে যে অর্থ দেয়, তা সরকারের বাইরে কারও তত্ত্বাবধানে রাখা যেতে পারে। আর দলের অপরিহার্য ব্যয়ে সেই অর্থ ব্যবহার করা যেতে পারে।
আননোন ফ্যাসিটস অব রাজীব গান্ধী, জ্যোতি বসু, ইন্দ্রজিৎ গুপ্ত বইয়ে মুখার্জি লিখেছেন, রাজীব গান্ধী ভারতে পশ্চিমা একাধিক দেশের আদলে ব্যবসা ও শিল্প খাত থেকে দলীয় তহবিলে অর্থ সংগ্রহের পক্ষপাতী ছিলেন। তবে এ ব্যাপারে সুষ্ঠু হিসাব, নিরীক্ষা ও আলোচনার ব্যাপারেও তিনি গুরুত্ব দিয়েছিলেন। টাইমস অব ইন্ডিয়া।