‘দালাই লামার জন্য তিব্বতে ফেরার দরজা খোলা আছে’
নির্বাসিত নেতা দালাই লামার জন্য ‘তিব্বতে ফেরার দরজা খোলা আছে’। তবে তিব্বতে ফিরতে হলে তাঁকে ‘বিচ্ছিন্নতাবাদী’ কার্যক্রম বন্ধ করতে হবে, ছাড়তে হবে স্বাধীনতার দাবি। চীনে তিব্বতের শীর্ষ কর্মকর্তা পদ্মা চোলিং গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা বলেন।চীনে তিব্বত অটোনোমাস রিজন (টিএআর) সরকারের চেয়ারম্যান পদ্মা চোলিং বলেন, ‘দালাই লামা চাইলে তিব্বতে ফিরতে পারবেন। তাঁর জন্য তিব্বতের দরজা খোলা রয়েছে।’ তিনি বলেন, দালাই লামা যদি সত্যিই অবসর নিয়ে থাকেন, বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম বন্ধ করেন, তিব্বতের স্থিতিশীলতা নষ্ট হয় এমন কিছু করা থেকে বিরত থাকেন, তাহলে তিব্বতে ফিরতে তাঁর কোনো বাধা নেই। দালাই লামা ধর্মে পুরোপুরি মনোযোগ দিলে এবং বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড বন্ধ করলে তিব্বতের জন্য মঙ্গল হবে। সবচেয়ে প্রধান যে বিষয় তা হলো, দালাই লামাকে তিব্বতের স্বাধীনতার দাবি ছেড়ে দিতে হবে।প্রসঙ্গত, গত মার্চ মাসে তিব্বতের নির্বাসিত সরকারপ্রধানের পদ ছেড়ে দেন দালাই লামা।দালাই লামার সমালোচনা করে চোলিং বলেন, দালাই লামা ১৯৫৯ সাল থেকে তিব্বতের বাইরে আছেন। তিনি কখনো তিব্বতের জন্য ভালো কিছু করেননি। দালাই লামা আসলে তিব্বতে সামন্ত প্রথা চালু করতে চেয়েছিলেন। এএফপি।