'দায়িত্বজ্ঞানহীন' বক্তব্য দেবেন না: মোদি

গিরিরাজ সিং ও প্রবীণ তোগাদিয়ার মতো নেতাদের বিতর্কিত বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি। তিনি এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য না দিতে দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তবে মোদি নেতাদের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য না দেওয়ার আহ্বান জানানোর পর তাঁর সামনেই গতকাল মঙ্গলবার এবার বিদ্বেষপূর্ণ বক্তব্য দিলেন বিজেপির মিত্র শিবসেনার নেতা রামদাস কদম। তিনি বলেছেন, মোদি ক্ষমতায় এলে ছয় মাসের মধ্যে পাকিস্তানকে ধ্বংস করে দেবেন।
এর আগে ভারতের বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) সভাপতি প্রবীণ তোগাদিয়া গত শনিবার গুজরাট রাজ্যের ভবনগরে এক সমাবেশে বলেন, হিন্দু-অধ্যুষিত এলাকায় মুসলিমরা জমি কিনতে পারবে না। এক মুসলিম ব্যবসায়ী সেখানে একটি বাড়ি কেনার প্রতিবাদে ভিএইচপি ও বজরং দল ওই বিক্ষোভ সমাবেশ আয়োজন করে।
এক ভিডিওচিত্রে দেখা যায়, বাড়িটি দখলে নিয়ে সেখানে বজরং দলের সাইনবোর্ড টাঙিয়ে দিতে এবং হিন্দু-অধ্যুষিত এলাকা থেকে মুসলিমদের বের করে দিতে নির্দেশ দিচ্ছেন প্রবীণ তোগাদিয়া। অবশ্য তাঁর এক আইনজীবী ভিডিওচিত্রটি মিথ্যা বলে দাবি করেন।
গত শতাব্দীর আশির দশকে তৃণমূল পর্যায়ে রাজনীতি করার সময় তোগাদিয়ার সঙ্গে কাজ করেন ভারতের নির্বাচনী দৌড়ে এগিয়ে থাকা বিজেপির নেতা নরেন্দ্র মোদি। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী এই নেতা বলেন, তিনি তোগাদিয়ার বক্তব্য সমর্থন করেন না।
টুইটারে এক বার্তায় মোদি বলেন, ‘বিজেপির শুভাকাঙ্ক্ষী হিসেবে দাবিদার এসব ব্যক্তি নির্বাচনী প্রচারণার সময় উন্নয়ন ও সুশাসনের মতো বিষয়গুলো থেকে মানুষের দৃষ্টি সরিয়ে দিচ্ছেন। আমি কোনো ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য সমর্থন করি না।’
এদিকে বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) মিত্র শিবসেনার নেতা রামদাস কদম গতকাল মুম্বাইয়ে মোদির উপস্থিতিতে এক সমাবেশে মুসলিমদের আক্রমণ করেও বক্তৃতা করেন।
রামদাস বলেন, যদি পাঁচ লাখ মুসলিম আজাদ ময়দানে জড়ো হয় এবং মহারাষ্ট্রে স্মৃতিসৌধ অপবিত্র করা, পুলিশের ওপর হামলা ও নারী পুলিশকে উক্ত্যক্ত করার মতো সাহস দেখায়, তাহলে মোদি তাদের উচিত শিক্ষা দেবেন। এএফপি ও এনডিটিভি।