'দেশের প্রতি ভালোবাসা থেকেই করেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপন তথ্য পাচারের অভিযোগে দণ্ডিত যুক্তরাষ্ট্রের সাবেক সেনাসদস্য ব্রাডলি ম্যানিং সাজা ঘোষণার আগে প্রেসিডেন্ট ওবামাকে উদ্দেশ করে এক চিঠি লিখেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি যা করেছি দেশের প্রতি ভালোবাসা থেকেই করেছি।’ গোপন তথ্য ফাঁসের মাধ্যমে আইন লঙ্ঘনের কথা স্বীকার করে তিনি বলেছেন, ‘দেশ ও বিশ্বের চলমান বাস্তবতায় নিজের দায়বদ্ধতা থেকেই কাজটি করেছি।’

গত বুধবার সামরিক আদালতে ব্রাডলি ম্যানিংকে ৩৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ড ঘোষণার পর তাঁর আইনজীবী ডেভিড কমবস প্রেসিডেন্ট ওবামাকে উদ্দেশ করে ম্যানিংয়ের লেখা এই চিঠি পড়ে শোনান।

দীর্ঘ চিঠিতে ব্রাডলি ম্যানিং লিখেছেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর আমেরিকা নতুন ধরনের যুদ্ধে জড়িয়ে পড়ে। রণাঙ্গনের বাস্তব অবস্থা দেখার পর যুদ্ধকৌশলের যৌক্তিকতা ও নৈতিকতা নিয়ে তাঁর মনে প্রশ্ন জাগে। ইরাক-আফগানিস্তানের রণাঙ্গনে আমরা সাধারণ মানুষের জীবনের মূল্য দিইনি। সচেতনভাবেই মানুষের জীবনের মূল্যকে অবহেলা করা হয়েছে। নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা করা হয়েছে। সমালোচনার ভয়ে, রাষ্ট্রীয় নিরাপত্তার নাম করে এসব কথা গোপন রাখা হয়েছে।’

সাবেক এই সেনা কর্মকর্তা আরও লিখেছেন, ‘বিনা বিচারে গুয়াতেমালাতে লোকজনকে দীর্ঘ সময় আটকে রাখা হয়েছে। নির্যাতন করা হয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে আমরা এমন বহু অপকর্ম চলিয়ে গেছি।’ চিঠির একটি অংশে তিনি লিখেছেন, ‘জানি তথ্য ফাঁস করে আমি আইন লঙ্ঘন করেছি। আমার কৃতকর্মের জন্য কোনো ব্যক্তি বা আমার দেশ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে আমি এর জন্য দুঃখ প্রকাশ করছি। তথ্য ফাঁসের সময় আমার বিবেচনায় ছিল দেশের প্রতি নিজস্ব ভালোবাসা এবং অন্যদের প্রতি কর্তব্যবোধের কথা।’

প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্দেশে ব্রাডলি ম্যানিং লিখেছেন, ‘আমার ক্ষমার আবেদন প্রত্যাখ্যান করা হলে দণ্ড ভোগ করে যাব। আমি জানি, মুক্ত সমাজে বসবাসের জন্য কোনো কোনো সময় মূল্য দিতে হয়। আমিও এ মূল্য দেওয়ার জন্য প্রস্তুত।’

২৫ বছর বয়সী ব্রাডলি ম্যানিং মার্কিন সেনাসদস্য হিসেবে ইরাকে কর্মরত ছিলেন। ২০১০ সালে কর্মরত থাকা অবস্থায় সাত লাখেরও বেশি গোপন নথি তিনি পাচার করেন। তাঁর পাচার করা তথ্যের মধ্যে ছিল যুদ্ধক্ষেত্রের গোপন ভিডিও চিত্র, কূটনৈতিক বার্তার মতো অতিগোপনীয় স্পর্শকাতর বিষয়। আর এসব পাচার হওয়া তথ্য উইকিলিকস প্রকাশ করলে সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়।