মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি ‘দোদুল্যমান’ অঙ্গরাজ্যগুলোতে প্রচারণায় ধর্মের ব্যবহার করছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই ধর্ম, সংস্কৃতিসহ এ-জাতীয় ইস্যুগুলো সামনে নিয়ে আসছে রিপাবলিকান শিবির। ওবামা খ্রিষ্টধর্মের অনুসারী কি না, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।গত শনিবার ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রচারণা চালাতে গিয়ে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী রমনি বলেন, ‘আমি আমার হূদয় থেকে সৃষ্টিকর্তাকে সরিয়ে দেব না। আমি আমাদের প্লাটফর্ম থেকে সৃষ্টিকর্তাকে সরিয়ে দেব না।’রমনি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন একজন প্রেসিডেন্ট প্রয়োজন, যিনি সৃষ্টিকর্তার অধীনে জাতির সেবা করতে অঙ্গীকারবদ্ধ হবেন। এটা এই স্বীকৃতি দেবে, মার্কিন জনগণকে তাদের অধিকার সরকার নয়, সৃষ্টিকর্তা নিজেই দিয়েছেন। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক এই গভর্নর বলেন, তাঁর আশঙ্কা, ওবামা এবার নির্বাচিত হলে মার্কিন মুদ্রা থেকে ‘আমরা সৃষ্টিকর্তায় বিশ্বাসী’ (ইন গড উই ট্রাস্ট) কথাটি মুছে ফেলবেন।রমনির এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেছে ডেমোক্রেটিক পার্টি। ওবামার মুখপাত্র লিস স্মিথ বলেন, রমনি অসত্য কথা বলে প্রেসিডেন্টকে চরমভাবে আক্রমণ করেছেন। তিনি বলেন, ‘এটা যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করার রেসিপি নয়। এমন বক্তব্য বিভক্তি বাড়াবে আর আমাদের পেছনের দিকে নিয়ে যাবে।’লিস স্মিথের এই সমালোচনার জবাব দিতেও দেরি করেনি রিপাবলিকান শিবির। রমনির প্রচারাভিযান উপদেষ্টা কেভিন মাডেন বলেন, রমনির শিবির জনগণকে বিভক্তি করার প্রচারণা চালায় না, এটা ডেমোক্র্যাট শিবিরের কাজ। ওবামা শনিবার আরেক ‘দোদুল্যমান’ অঙ্গরাজ্য ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণা চালান। ফ্লোরিডায় প্রায় ১১ হাজার মানুষের সমাবেশে বক্তৃতা করেন তিনি। তাঁর বক্তৃতায় অবশ্য ধর্মীয় কোনো বিষয় উঠে আসেনি। ওবামা বলেন, ‘আমরা ডেমোক্রেটিক মূল্যবোধ বা রিপাবলিকান মূল্যবোধের জন্য লড়াই করছি না। লড়াই করছি মার্কিন মূল্যবোধের জন্য।’ ওবামার এই নির্বাচনী প্রচারণায় রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত ফ্লোরিডার সাবেক গভর্নর চার্লি ক্রিস্টও অংশ নেন। ক্রিস্ট ২০১০ সালে সিনেট প্রাইমারিতে হারার পর রিপাবলিকান পার্টি থেকে পদত্যাগ করেন। ফ্লোরিডার প্রগতিশীল জনগণের কাছে জনপ্রিয় ক্রিস্ট বলেন, ‘আমরা একজন ঠান্ডা মাথার নেতা পেয়েছি। তিনি হলেন, প্রেসিডেন্ট বারাক ওবামা।’ এএফপি।