'দ্য গার্ডিয়ান'-এ গোয়েন্দাদের হানার কথা জানালেন সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দ্য গার্ডিয়ান’-এর সম্পাদক অ্যালান রাসব্রিজার জানিয়েছেন, পত্রিকাটির কাছে রক্ষিত তথ্যভান্ডার ধ্বংসের চেষ্টা করেছেন ব্রিটিশ গোয়েন্দারা। ছবি: দ্য ড্রাম ম্যাগাজিন
‘দ্য গার্ডিয়ান’-এর সম্পাদক অ্যালান রাসব্রিজার জানিয়েছেন, পত্রিকাটির কাছে রক্ষিত তথ্যভান্ডার ধ্বংসের চেষ্টা করেছেন ব্রিটিশ গোয়েন্দারা। ছবি: দ্য ড্রাম ম্যাগাজিন

ব্রিটিশ দৈনিক ‘দ্য গার্ডিয়ান’-এর কাছে সংরক্ষিত যুক্তরাষ্ট্রের গোপন গোয়েন্দা তত্পরতার তথ্যভান্ডার ধ্বংস করার জন্য ব্রিটিশ গোয়েন্দারা পত্রিকাটির কার্যালয়ে অভিযান চালিয়েছিলেন বলে জানিয়েছেন পত্রিকাটির সম্পাদক।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন গত মে মাসে দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গোপন গোয়েন্দা কার্যক্রম বিষয়ে বহু তথ্য ‘দ্য গার্ডিয়ান’সহ কয়েকটি পশ্চিমা সংবাদপত্রের কাছে ফাঁস করে দিয়েছিলেন।
‘দ্য গার্ডিয়ান’-এর সম্পাদক অ্যালান রাসব্রিজার আজ মঙ্গলবার পত্রিকাটির এক নিবন্ধে এ তথ্য প্রকাশ করে জানিয়েছেন, অভিযানের সময়ে গোয়েন্দারা পত্রিকাটির দুটি কম্পিউটার হার্ডড্রাইভ ধ্বংস করে দেন।
‘দ্য গার্ডিয়ান’-এর পক্ষ থেকে এডওয়ার্ড স্নোডেনের সাক্ষাত্কার গ্রহণকারী সাংবাদিক গ্লেন গ্রিনওয়ার্ল্ডের জীবনসঙ্গীকে রোববার হিথ্রো বিমানবন্দরে সন্ত্রাস দমন আইনে আটক ও হয়রানি করা হয়। এরপর গতকাল সোমবার বিষয়টি নিয়ে ব্রিটেনে এবং যুক্তরাষ্ট্রে তোলপাড় শুরু হলে ‘দ্য গার্ডিয়ান’-এর সম্পাদক পত্রিকাটির ওপর ব্রিটিশ সরকারের অভূতপূর্ব চাপ প্রয়োগের এসব তথ্য প্রকাশ করলেন।
‘দ্য গার্ডিয়ান’-এর সম্পাদক তাঁর নিবন্ধে কারও নাম উল্লেখ না করে বলেছেন, প্রায় মাস দুয়েক আগে ব্রিটিশ সরকারের তরফ থেকে এক পদস্থ কর্মকর্তা তাঁর সঙ্গে যোগাযোগ করে জানান যে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করছেন। সে সময়ে তাঁদের মধ্যে দুদফা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সব বৈঠকে সরকারের পক্ষ থেকে স্নোডেনের সরবরাহ করা তথ্যাদি সরকারের কাছে হস্তান্তর বা ধ্বংস করে ফেলার জন্য আহ্বান জানানো হয়।
‘দ্য গার্ডিয়ান’-এর সম্পাদক লিখেছেন, তিনি তখন কর্মকর্তাদের বোঝানোর চেষ্টা করেছেন যে ওই সব তথ্য প্রকাশের ক্ষেত্রে আন্তর্জাতিক পরিসরে একাধিক সংবাদপত্রের মধ্যে যে সহযোগিতামূলক ব্যবস্থায় কাজ করা হচ্ছে, তাতে ‘দ্য গার্ডিয়ান’-এর কাছে থাকা তথ্যভান্ডার ধ্বংস করা হলেও তথ্য প্রকাশ বন্ধ করা যাবে না।

সম্পাদক অ্যালান রাসব্রিজার ব্রিটিশ কর্মকর্তাদের জানান, গোয়েন্দা কার্যক্রম নিয়ে প্রতিবেদনগুলো লন্ডন থেকে প্রকাশ না করে বিশ্বের অন্য অনেক জায়গা থেকেও তা প্রকাশ করা যায়। তাই তা বন্ধ করা পুরোপুরি অসম্ভব। এ কথা জানানোর পরও মাস খানেক আগে গোয়েন্দারা পত্রিকাটির হাতে থাকা তথ্যভান্ডার ধ্বংসের পদক্ষেপ নেন। তাঁরা ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকার কম্পিউটারের দুটি হার্ডড্রাইভ পত্রিকা ভবনের ভূগর্ভস্থ কক্ষে নিয়ে এমনভাবে ধ্বংস করেন যাতে তা অন্য কেউ আর কোনোভাবে পুনরুজ্জীবিত করতে না পারে।

অ্যালান রাসব্রিজার লিখেছেন, ‘দ্য গার্ডিয়ান’-এর অনুসন্ধানী সাংবাদিকতা অব্যাহত থাকবে। তিনি লিখেছেন, ‘আমরা স্নোডেনের ফাঁস করা নথিপত্রগুলো নিয়ে ধৈর্যের সঙ্গে যত্নশীল হয়ে প্রতিবেদন প্রকাশ অব্যাহত রাখব। আমরা কেবল লন্ডনে এ কাজগুলো করব না।’ 

এদিকে, পত্রিকাটির সাংবাদিকের জীবনসঙ্গীকে আটক ও হয়রানি করায় সন্ত্রাস দমন আইন প্রয়োগের বিষয়ে প্রশ্ন তুলে বিরোধী দল লেবার পার্টি আইনটি পর্যালোচনার আহ্বান জানিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির প্রধান কিথ ভাজ বলেছেন, এ ক্ষেত্রে আইন প্রয়োগের বিষয়টি পুলিশকে ব্যাখ্যা করতে হবে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিষয়টির নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ‘দ্য গার্ডিয়ান’ সাংবাদিকের জীবনসঙ্গীকে হয়রানির বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল কি না, সে প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের মুখপাত্র বলেছেন, তাঁদের কোনো ভূমিকা ছিল না। তবে, ওই ব্যক্তিকে আটক করার আগে বিষয়টি তাঁদের জানানো হয়েছিল।

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো কীভাবে বিশ্বজুড়ে টেলিফোন ও ইন্টারনেটভিত্তিক যোগাযোগ-ব্যবস্থার ওপর নজরদারি করে থাকে, তা ফাঁস করে দিয়েছিলেন স্নোডেন। এরপর জীবননাশের আশঙ্কায় তিনি রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিয়েছেন।