‘দ্য বিগেস্ট লুজার’ অনুষ্ঠানে মিশেল
স্থূলতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে খাদ্যাভ্যাসবিষয়ক একটি রিয়ালিটি শোতে অংশ নিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। ‘দ্য বিগেস্ট লুজার’ নামের অনুষ্ঠানটি গত মঙ্গলবার প্রথমবারের মতো হোয়াইট হাউসে আয়োজন করা হয়।দ্য বিগেস্ট লুজার হচ্ছে যুক্তরাষ্ট্রের এনবিসি টেলিভিশন আয়োজিত একটি ধারাবাহিক শো। অস্বাভাবিক ওজনের শরীরের অধিকারী ব্যক্তিরা এ শোতে অংশ নিয়ে থাকেন। অংশগ্রহণের প্রাক্কালে শরীরের যে ওজন থাকে, তা যিনি সর্বোচ্চ অনুপাতে কমাতে পারেন, তিনিই পান ‘বিগেস্ট লুজার’ উপাধি। পুরস্কার হিসেবে বিজয়ীদের দেওয়া হয় অর্থ। চলতি শোতে এ পর্যন্ত ছয়জন প্রতিযোগী টিকে আছেন।এর আগে দ্য বিগেস্ট লুজারের প্রতিযোগীদের কখনোই হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়নি। তবে চলতি শোতে ওই ছয় প্রতিযোগীকে প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবনে আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল। অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি ও সাজসজ্জা গ্রহণের পর প্রতিযোগীরা প্রেসিডেন্ট ওবামার সঙ্গেও সাক্ষাৎ করেন। হোয়াইট হাউসে গিয়ে প্রেসিডেন্ট-দম্পতির সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ যেন তাঁদের কাছে স্বপ্নের মতো; সবাই অবিভূত।৪৩ বছর বয়সী একজন প্রতিযোগী বলেন, ‘এটা সত্যি সত্যিই আমার জন্য ছিল আনন্দে বিহ্বল হওয়ার মতো একটা অবস্থা।’ এএফপি।