ভারতে পাঁচ বছরের শিশুকে অপহরণ শেষে ঘরে দুই দিন ধরে আটকে ধর্ষণ ও নিষ্ঠুর নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মনোজ নামের ২২ বছর বয়সী এই বিবাহিত যুবককে গতকাল শনিবার সকালে বিহার রাজ্যের মুজাফ্ফরপুর এলাকার তাঁর এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।এদিকে ধর্ষণ ও নির্যাতনের ওই ঘটনায় গতকাল দ্বিতীয় দিনের মতো নয়াদিল্লিতে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা এদিন প্রতিবন্ধকতা ভেঙে দিল্লির কেন্দ্রে পুলিশ সদর দপ্তরে ঢোকার চেষ্টা চালায়। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়। বিক্ষোভের পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর, স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দে ও দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসব স্থানে মোতায়েন করা হয়েছে দাঙ্গা পুলিশ।ভারতের পূর্বাঞ্চলীয় পুলিশের উপকমিশনার প্রভাকর বলেন, মনোজ দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের একটি পোশাক কারখানার অনিয়মিত কর্মী। পাটনার মুজাফ্ফরপুরের চিকনৌতা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রভাকর আরও বলেন, ‘মনোজকে আমরা অন্তর্বর্তীকালীন রিমান্ডে নিয়েছি। তাঁকে বিহার থেকে দিল্লিতে নেওয়া হচ্ছে। প্রকৃত ঘটনা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।’ মনোজ পুলিশকে জানান, শিশুটি মারা গেছে ভেবে তিনি দিল্লি থেকে বিহারে পালিয়ে যান।পুলিশ জানায়, রাজধানীর নিম্ন-মধ্য শ্রেণীর লোক-অধ্যুষিত একটি এলাকায় গত সোমবার শিশুটিকে একটি ঘরে দুই দিন আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করা হয়। দ্য হিন্দু ও টাইমস অব ইন্ডিয়া।