'ধর্ষণই জীবনের শেষ নয়, আমি কাজে ফিরতে চাই'
‘ধর্ষণ জীবনের শেষ নয়। আমি জড়িত সবার কঠোর শাস্তি চাই। চাই যত দ্রুত সম্ভব কাজে যোগ দিতে।’ এই সাহসী উচ্চারণ ভারতের মুম্বাইয়ে গণধর্ষণের শিকার নারী ফটোসাংবাদিকের। তিনি এখন মুম্বাইয়ের জাসলক হাসপাতালে চিকিৎসাধীন।
মুম্বাইভিত্তিক একটি ইংরেজি সাময়িকীর ফটোসাংবাদিক ওই নারী গত শনিবার নগরের একটি পরিত্যক্ত কারখানার ছবি তুলতে গিয়ে পাঁচ ব্যক্তির ধর্ষণের শিকার হন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা এখন ভালোর দিকে।
ধর্ষণের শিকার ফটোসাংবাদিক হাসপাতালের বিছানায় শুয়ে শনিবার সারা দিন টেলিভিশনে খবর দেখেছেন। ভারতের জাতীয় নারী কমিশনের কর্মকর্তারা তাঁর সঙ্গে দেখা করেছেন। কমিশনের সদস্য নির্মলা সামন্ত প্রভাওয়ালকর হাসপাতাল থেকে ফেরার পর সাংবাদিকদের জানান, ওই নারী সাংবাদিক যে আঘাত পেয়েছেন, তা থেকে এখনো পুরোপুরি বেরিয়ে আসতে পারেননি। তবে তাঁর উন্নতি হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষও শনিবার সন্ধ্যায় প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, ওই ফটোসাংবাদিকের অবস্থার আরও উন্নতি হয়েছে। তিনি পরিবারের সঙ্গে কথা বলছেন। টাইমস অব ইন্ডিয়া।