‘নতুন অধ্যায়’ সূচনা করতে যুক্তরাষ্ট্রে ইরাকি প্রধানমন্ত্রী
ইরাক-যুক্তরাষ্ট্র সম্পর্কের ‘নতুন অধ্যায়’ সুচনা করতে ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি ওয়াশিংটনে পৌঁছেছেন। এমন এক সময় তিনি যুক্তরাষ্ট্র সফরে গেলেন, যখন ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা ঘনিয়ে এসেছে। হোয়াইট হাউস সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে গতকাল সোমবারই মালিকির বৈঠক করার কথা। এ ছাড়া দুই দিনের এই সফরকালে তিনি ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। ইরাকে মার্কিন সেনাদের আট বছরের মিশন চলতি বছরেই শেষ হয়ে যাচ্ছে। এ বছরের শেষ নাগাদ সেখান থেকে সব সেনা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। অভ্যন্তরীণ হুমকি মোকাবিলায় ইরাকি বাহিনী সামর্থ্য অর্জন করলেও বাইরের হুমকি মোকাবিলায় তারা এখনো পুরোপুরি প্রস্তুত নয় বলে মনে করছেন ইরাকি ও মার্কিন কমর্কতারা। দ্য অফিস অব দি সিকিউরিটি কো-অপারেশন-ইরাকের (ওএসসি-আই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ক্যাসলেন বলেন, গত আট বছরে ইরাকি নিরাপত্তাকর্মীরা অভ্যন্তরীণ হুমকি মোকাবিলার সামর্থ্য অর্জন করেছে। তবে বাইরের কোনো হুমকি মোকাবিলায় তারা এখনো সেভাবে প্রস্তুত নয়। ইরাকের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল বাবাকের জেবারি বলেন, বাইরের হুমকি মোকাবিলায় ইরাকি নিনাপত্তাকর্মীদের এখনো অনেক সময় লাগবে। এএফপি ও বিবিসি।