‘নতুন শারীরিক জটিলতায়’ চাভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ দফায় অস্ত্রোপচারের পর নতুন করে শারীরিক জটিলতার সম্মুখীন হয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ। গত রোববার সরকারিভাবে এ কথা ঘোষণা করা হয়েছে। এ ঘোষণা দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিদ্যমান উদ্বেগকে আরও বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো কিউবার একটি হাসপাতালে ভর্তি থাকা চাভেজকে দেখে হাভানা থেকে সম্প্রচারিত টেলিভিশন ও বেতার ভাষণে বলেন, ‘অস্ত্রোপচারের পর চাভেজ শ্বসনযন্ত্রের সংক্রমণের শিকার হয়ে নতুন জটিলতায় পড়েছেন বলে আমরা জানতে পেরেছি।’ ক্যানসারে আক্রান্ত চাভেজ বর্তমানে রাজধানী হাভানার একটি হাসপাতালে চিকিৎসাধীন।মাদুরো বলেন, ‘প্রেসিডেন্ট চাভেজের অবস্থা এখনো নাজুক।’ মাদুরো সতর্ক করে বলেন, ‘তাঁর শারীরিক জটিলতার জন্য এমন চিকিৎসাপদ্ধতি গ্রহণ করা হচ্ছে যা, ঝুঁকিমুক্ত নয়।’ বিবিসি ও এএফপি।