‘নাশিদের সঙ্গে কোনো চুক্তি হয়নি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ভারতীয় হাইকমিশন ছেড়ে গেছেন। এতে গুঞ্জন উঠেছে, তাঁর সঙ্গে সরকারের গোপন চুক্তি হয়েছে। তবে সরকার এ কথা অস্বীকার করেছে।মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র আব্বাস রিয়াজ বলেন, গত শনিবার বিকেলে নাশিদ ভারতীয় হাইকমিশন ছেড়ে যান। এ ঘটনায় ভারতের মধ্যস্থতাকারীর মাধ্যমে তাঁর সঙ্গে কোনো চুক্তি করেনি সরকার।আদালত নাশিদের বিচার-কার্যক্রম স্থগিত করার পর শনিবার তিনি ভারতীয় হাইকমিশন ত্যাগ করেন। এর আগে প্রেসিডেন্ট থাকাকালে ক্ষমতার অপব্যবহার করেছেন মর্মে সম্প্রতি নাশিদের বিরুদ্ধে বিচার-কার্যক্রম শুরু হয়। তবে শুনানির সময় হাজির না হওয়ায় নাশিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত। গ্রেপ্তার এড়াতে ১৩ ফেব্রুয়ারি তিনি ভারতীয় হাইকমিশনে আশ্রয় নেন।নাশিদ বলেছেন, তাঁর বিরুদ্ধে যে বিচার-প্রক্রিয়া তা ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’, আগামী ৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে তাঁকে অযোগ্য ঘোষণা করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নাশিদের মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) জানায়, গতকাল রোববার নাশিদ পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন। আজ সোমবার থেকে তাঁর ঘরে ঘরে গিয়ে প্রচারণা শুরু করার কথা।এমডিপির মুখপাত্র হামিদ আবদুল বলেন, ‘নির্বাচনে নাশিদের প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্র তৈরির জন্য ভারত মধ্যস্থতা করেছে। তবে এখনো তাঁর গ্রেপ্তার হওয়ার আশঙ্কা আছে। আমরা এই দুষ্ট শাসকদের বিশ্বাস করি না।’নয়াদিল্লি বলেছে, মালদ্বীপে গণতন্ত্রকে সুসংহত করতে তারা নাশিদের গ্রেপ্তার এড়ানোর জন্য দেশটির সরকারের সঙ্গে মধ্যস্থতা করেছে। সে সঙ্গে সব পক্ষের প্রতি শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আহ্বান জানিয়েছে। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হন নাশিদ। তিনি দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট। গত বছর পুলিশ ও সশস্ত্র বাহিনীর অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি। এএফপি।