'নিরাপত্তা-সরকারি বাড়ি লাগবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরবিন্দ কেজরিওয়াল
অরবিন্দ কেজরিওয়াল

ভারতের দিল্লির ভাবী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিরাপত্তার পর এবার সরকারি বাংলো নেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। দিল্লির মুখ্যসচিব গতকাল মঙ্গলবার নতুন সরকারের শপথ নেওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে বাংলো নেওয়ার প্রস্তাব দেন।
এর আগে পুলিশি নিরাপত্তার প্রস্তাব প্রত্যাখ্যান করে এক চিঠিতে পুলিশকে ধন্যবাদ জানিয়ে আম আদমি পার্টির (এএপি) প্রধান কেজরিওয়াল জানান, ‘ঈশ্বরই আমার সবচেয়ে বড় নিরাপত্তা। আমি আগেও বলেছি, নিরাপত্তা চাই না।’
শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন ও প্রাদেশিক মন্ত্রিসভার সদস্যদের নাম চূড়ান্তকরণের জন্য গতকাল সকালে কেজরিওয়ালের সঙ্গে দেখা করেন দিল্লির মুখ্যসচিব। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ইতিমধ্যে কেজরিওয়ালকে দিল্লির সপ্তম মুখ্যমন্ত্রী পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন।
কেজরিওয়ালের নেতৃত্বাধীন এএপি দিল্লিতে একটি প্রাদেশিক সরকার গঠনের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে গত সোমবার প্রয়োজনীয় উদ্যোগ নেয়। মন্ত্রিসভা চূড়ান্ত করতে দলীয় নেতারা গতকাল বৈঠক করেন। এএপি সরকারের চূড়ান্ত রূপরেখা আজ বুধবার জানানো হবে। সাবেক সাংবাদিক এবং কেজরিওয়ালের রাজনৈতিক কার্যক্রমের বিশ্বস্ত সঙ্গী মনীশ সিসোদিয়া একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পাবেন বলে ধারণা করা হচ্ছে।
সরকারি চাকুরে থেকে সমাজকর্মী এবং পরে রাজনীতিতে এসে সাফল্য পেয়েছেন কেজরিওয়াল। শপথ নেওয়ার পর তিনিই হবেন দিল্লির সবচেয়ে কম বয়সী মুখ্যমন্ত্রী। ৪৫ বছর বয়সী এই নতুন রাজনীতিবিদ বলেন, তাঁর নতুন সরকারের শপথ অনুষ্ঠিত হবে রামলীলা ময়দানে।
কংগ্রেসের দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে তদন্ত হবে: সরকার গঠনে কংগ্রেসের সমর্থন সত্ত্বেও এএপির দুর্নীতিবিরোধী অবস্থান অটুট থাকবে উল্লেখ করে এএপির নেতা যোগেন্দ্র যাদব বলেন, কংগ্রেস নেতাদের বিরুদ্ধে দুর্নীতির যেসব অভিযোগ রয়েছে, সেগুলোর তদন্ত কখনোই বন্ধ করে দেওয়া হবে না।

শপথ অনুষ্ঠানে যাবেন না আন্না: প্রবীণ সমাজকর্মী আন্না হাজারে ‘অসুস্থ’ থাকার কারণে দিল্লির রামলীলা ময়দানে এএপি সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন না। তিনি গতকাল এ কথা জানিয়েছেন। ওই ময়দান থেকেই একসময় তিনি দুর্নীতিবিরোধী জন লোকপাল বিলের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন। কেজরিওয়ালও একসময় একই আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিলেন। টাইমস অব ইন্ডিয়া ও জি নিউজ।