রাশিয়ার নেতৃত্বে আন্তর্জাতিক প্রচেষ্টায় সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এতে গতকাল শনিবার সিরীয় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ের তীব্রতাও কমে এসেছে। তবে এ যুদ্ধবিরতির মধ্যেই হামা প্রদেশের কাছে গুরুত্বপূর্ণ এক যুদ্ধক্ষেত্রে লড়াই চলছিল।
সিরিয়া যুদ্ধের ওপর নজর রাখা একটি পর্যবেক্ষক গোষ্ঠী ও বিদ্রোহীদের একজন কমান্ডার এ তথ্য জানিয়েছেন।
সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ‘নিরাপদ অঞ্চল’ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার ও বিদ্রোহীদের মধ্যে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি গত শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর হয়। তুরস্কের সমর্থনে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার এই উদ্যোগ গ্রহণ করে প্রেসিডেন্ট বাশারের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। পরে তাতে সম্মতি দেয় সিরীয় বিদ্রোহীরাও। বাশারের আরেক মিত্র ইরানও এ পদক্ষেপে সম্মতি জানিয়েছে।
অবশ্য বাশার আল-আসাদের বিরোধী রাজনৈতিক দল ও কিছু সশস্ত্র গোষ্ঠী এই উদ্যোগ নাকচ করে দিয়েছে। তারা অভিযোগ করেছে, অতীতে রাশিয়া প্রেসিডেন্ট বাশার ও তাঁর ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোকে আগের যুদ্ধবিরতি চুক্তি মানাতে হয় সদিচ্ছা দেখায়নি কিংবা ব্যর্থ হয়েছে। সিরীয় সরকার বলেছে, তারা যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হলেও ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।