‘নির্বাচনে অ্যাসাঞ্জের জয়ের সম্ভাবনা ক্ষীণ’
যুক্তরাষ্ট্রের গোপন তারবার্তা ফাঁস করে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে জয়ের সম্ভাবনা খুবই কম। গতকাল মঙ্গলবার একটি জনমত জরিপের ফলাফলে এ কথা বলা হয়েছে। নিয়েলসনের করা এই জরিপের ফলাফল দেশটির ফেয়ারফ্যাক্স পত্রিকায় প্রকাশ করা হয়। অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত অ্যাসাঞ্জ গত বছরের ১৪ সেপ্টেম্বর দেশটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানান। আর এ মাসের শুরুর দিকে তাঁর উইকিলিকস পার্টি ঘোষণা দেয়, তারা অন্তত তিনটি অঙ্গরাজ্যে প্রার্থী দেওয়ার চিন্তাভাবনা করছে। গত সপ্তাহে ওয়াশিংটনের সমর্থকদের উদ্দেশে দেওয়া টেলিফোন ভাষণে অ্যাসাঞ্জ নিজের অগ্রগতির কথা জানিয়ে বলেন, নির্বাচনে বাজিকরেরা তাঁকে অস্ট্রেলিয়ার অজনপ্রিয় ক্ষমতাসীন মধ্য-বামপন্থী লেবার দলের চেয়ে এগিয়ে রেখেছেন।তবে নিয়েলসনের অনলাইন জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, নির্বাচনে অ্যাসাঞ্জের জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ। অর্থাৎ নির্বাচনে অ্যাসাঞ্জ ভিক্টোরিয়া অঙ্গরাজ্যর যে আসনে লড়বেন, জনমত জরিপে অংশ নেওয়া সেখানকার মাত্র ১৫ শতাংশ মানুষ তাঁকে সমর্থন দিয়েছেন। এএফপি।