'নির্ভীক'-এর পর এবার 'নির্ভয়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে নারীদের আত্মরক্ষার জন্য এ বছরের ২৫ মার্চ ‘নির্ভীক’ নামের একটি রিভলবার বাজারে ছেড়েছিল অরডন্যান্স ফ্যাক্টরি নামের একটি কোম্পানি। নারীদের সুরক্ষা নিশ্চিতে এবার বাজারে এসেছে ‘নির্ভয়া’ নামের একটি টেলি অ্যালার্ম ডিভাইস। গতকাল বুধবার ভারতের কলকাতায় আনুষ্ঠানিকভাবে যন্ত্রটির আত্মপ্রকাশ ঘটে।

দেশলাইয়ের বাক্সের মতো দেখতে মোবাইল-নির্ভর এ যন্ত্রটির বাটনে চাপ দিলে নিজের অবস্থান স্বজনদের জানাতে পারবেন দুর্ঘটনার শিকার যেকোনো ব্যক্তি (নারী কিংবা পুরুষ)। মোবাইল বার্তা স্বজনদের জানাবে, দুর্ঘটনাকবলিত ব্যক্তিটি কোথায় আছেন?

আপাতত যন্ত্রটি কেবল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম-সংবলিত মোবাইল ফোনে ব্যবহার করা যাবে। তবে শিগগিরই এ যন্ত্রটি অন্যান্য অপারেটিং সিস্টেমের ফোনে ব্যবহার করা যাবে। তবে এটি ব্যবহার করতে চাইলে অবশ্যই ব্লু টুথ থাকতে হবে।

কলকাতা শহরের ইসিএল দপ্তরে যন্ত্রটি পাওয়া যাচ্ছে। দাম পড়বে প্রায় তিন হাজার রুপি (তিন হাজার ৮৬৬ টাকা)।

২০১২ সালের ১৬ ডিসেম্বর রাজধানী নয়াদিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন এক মেডিকেল-ছাত্রী। পরে তাঁর মৃত্যু হয়। তাঁর প্রতীকী নাম দেওয়া হয়েছিল ‘নির্ভয়া’। সে নামেই নতুন এ যন্ত্রটির নামকরণ করা হয়েছে।