‘নির্যাতনে’ লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রীর অবস্থা সংকটাপন্ন
লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফি সরকারের সর্বশেষ প্রধানমন্ত্রী আল-বাগদাদি আল-মাহমুদির অবস্থা সংকটাপন্ন। কারাবন্দী সাবেক এই প্রধানমন্ত্রীর ওপর অমানুষিক নির্যাতন চালানোর কারণে এই অবস্থা হয়েছে বলে গতকাল বুধবার তাঁর তিউনিসীয় কৌঁসুলি দাবি করেছেন।কৌঁসুলি মাবরুক খুরশিদ বলেন, ‘নির্যাতনের ফলে মাহমুদির অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে। তিনি মারাও যেতে পারেন।’ সাবেক প্রধানমন্ত্রীকে নির্যাতন করার এই দাবির সপক্ষে তিনি অবশ্য কোনো সূত্রের উল্লেখ করেননি। এ ব্যাপারে বিস্তারিতও কিছু জানাননি তিনি।২০১১ সালের সেপ্টেম্বরে বিদ্রোহীরা লিবিয়ার রাজধানী ত্রিপোলি অবরুদ্ধ করে ফেলার কয়েক দিন পর আল-মাহমুদি পার্শ্ববর্তী দেশ তিউনিসিয়ায় পালিয়ে যান। এর মধ্য দিয়ে সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির চার দশকের বেশি সময়ের কঠোর শাসনের অবসান ঘটে। পরবর্তীকালে গত বছরের জুন মাসে তিউনিসিয়া সরকার তাঁকে গ্রেপ্তার করে লিবিয়ায় প্রত্যর্পণ করে। প্রত্যর্পণের আগে মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে বলেছিল, দেশে ফেরত পাঠানো হলে তিনি মৃত্যুদণ্ডের সম্মুখীন হতে পারেন। এএফপি।