‘নিষ্পাপ’ মানুষকে হত্যার জন্য দুঃখ প্রকাশ করবেন ব্রেইভিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরওয়েতে গত বছর জোড়া হামলা চালিয়ে হত্যাযজ্ঞ চালানো অ্যান্ডার্স বেরিং ব্রেইভিক বলেছেন, অসলোয় বোমা হামলার ঘটনায় যেসব ‘নিষ্পাপ’ মানুষ নিহত হয়েছে, তাদের জন্য তিনি দুঃখ প্রকাশ করবেন। তবে উটোয়া দ্বীপে হত্যাযজ্ঞের ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করবেন না। ব্রেইভিকের বিচার শুরুর পর ষষ্ঠ দিনের শুনানির সময় গতকাল সোমবার আইনজীবীদের জেরার মুখে তিনি এ কথা বলেন। এদিন ব্রেইভিক উটোয়া দ্বীপে খুব কাছ থেকে গুলি করে মানুষ হত্যার রোমহর্ষক বর্ণনা দেন। গতকাল মূলত ব্রেইভিকের মানসিক সুস্থতার বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। তবে উটোয়া দ্বীপের হত্যাযজ্ঞের বিষয়ে ব্রেইভিকের স্বীকারোক্তি শেষ করার জন্য তা স্থগিত করা হয়। ব্রেইভিক বলেন, অসলোয় সরকারি ভবনে বোমা হামলার সময় যেসব অরাজনৈতিক লোক বা যারা রাস্তা অতিক্রমের সময় আহত বা নিহত হয়, তাদের জন্য তিনি ‘জোরালো দুঃখ প্রকাশ করতে রাজি’। অসলোয় বোমা হামলায় আটজন নিহত হয়। একজন সরকারি কৌঁসুলি ব্রেইভিককে জিজ্ঞাসা করেন, অসলোয় বোমা হামলার পর উটোয়া দ্বীপে নির্বিচারে গুলি ছুড়ে ৬৯ জনকে হত্যার ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করবেন কি না? এর জবাবে ব্রেইভিক বলেন, ‘না, আমি দুঃখ প্রকাশ করব না।’ব্রেইভিক জবাবে আরও বলেন, ক্ষমতাসীন লেবার পার্টির কর্মী সম্মেলনে যোগ দেওয়া তরুণ-তরুণীরা হামলার ‘বৈধ লক্ষ্য’ ছিলেন। কারণ, তাঁরা সবাই ‘রাজনৈতিক কর্মী’ এবং ‘নরওয়ের সমাজকে ধ্বংস’ করার জন্য কাজ করছিলেন। তিনি বলেন, ‘বড় ধরনের বর্বরতাকে এড়ানোর জন্য এটা ছিল একটা ছোট বর্বরতা।’ এএফপি।