'নেমেছে হাজার বছরের বিষণ্নতা'

‘কলম্বিয়ার সর্বকালের সেরা ব্যক্তিটির মৃত্যুতে যেন নেমে এসেছে হাজার বছরের নিঃসঙ্গতা ও বিষণ্নতা।’
কথাটি দেশটির প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোসের। এক টুইটার বার্তায় এ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। ‘জাদুবাস্তবতার’ নিপুণ শিল্পী হিসেবে খ্যাত গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসকে কলম্বিয়া কী চোখে দেখে, তা বোঝার জন্য এ বাক্যটিই যেন যথেষ্ট। আর সাহিত্যিক মার্কেস শ্রদ্ধাভাজন ছিলেন বিশ্বজুড়েই।
মার্কেসের লেখার প্রেক্ষাপট ছিল দারিদ্র্যপীড়িত এবং প্রায় নিয়মিত সহিংসতায় পরিপূর্ণ নিজ দেশ, কলম্বিয়া। সেখানে গণতন্ত্রের শিকড় আসলে কখনোই গভীরে পৌঁছতে পারেনি। মার্কেসের গল্পগুলোর বয়ানে রয়েছে জাদুকরি নানা উপাদান। অদ্ভুত দক্ষতায় তিনি এ কল্পনাকে বাস্তব জীবনের সঙ্গে মিশিয়ে দিয়েছেন। অনন্য গদ্যে তিনি বর্ণনা করেছেন লাতিন আমেরিকার ভালোবাসা, পরিবার-জীবন আর একনায়কতন্ত্রের আখ্যান।
লাতিন আমেরিকার এ জননন্দিত কথাশিল্পীর মৃত্যুতে বিশ্বজুড়ে সাহিত্য ও মার্কেস-অনুরাগীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
ছোটবেলা থেকেই মার্কেসের ভক্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘বিশ্ব হারাল তার অন্যতম শ্রেষ্ঠ কল্পনাবিলাসী লেখক...আমার ছোটবেলা থেকেই প্রিয় একজনকে।’ তিনি আরও বলেন, ‘তাঁর (মার্কেস) পরিবার ও বন্ধুবান্ধবের জন্য আমার পক্ষ থেকে সান্ত্বনা একটাই, গ্যাবোর কাজ আগামী প্রজন্মের মধ্যে বেঁচে থাকবে।’
কোটি কোটি ভক্ত ও পাঠকের কাছে আদুরে ‘গ্যাবো’ নামে পরিচিত ছিলেন মার্কেস।

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ বলেন, ‘তাঁর (মার্কেস) অসাধারণ ব্যক্তিত্ব লাখ লাখ পাঠকের স্মৃতির গহিনে ছবি হয়ে থাকবে।’
মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো বলেন, ‘মার্কেস আমাদের সময়ের সংস্কৃতিকে লালন করে লাতিন আমেরিকার মানুষকে বিশ্বজনীন জাদুবাস্তববাদীতে পরিণত করেছেন।’
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বলেন, ‘আমাদের (লাতিন) আমেরিকার নবযুগে গ্যাবো আধ্যাত্মিক পদচারণ করেছেন।’
‘খুব কম লেখকই আছেন স্মৃতির মণিকোঠায় বেঁচে থাকেন। কিন্তু গার্সিয়া মার্কেস ধ্রুপদি সাহিত্যের মন্দির। তাঁর জন্য বিলাপ না করে আমি বারবার তাঁর লেখাই পড়ব।’ চিলির ঔপন্যাসিক ইসাবেল আলেন্দে এভাবেই তাঁর প্রতিক্রিয়া প্রকাশ করলেন।
পেরুর নোবেলজয়ী লেখক মারিও ভারগাস খোসা বললেন, ‘তাঁর লেখাই তাঁকে বাঁচিয়ে রাখবে।’
‘প্রিয় গ্যাবো, আপনাকে বিদায় জানানোটা কঠিন। আপনি যা দিয়েছেন, তা দিয়েই আমার ও আপনার শুভাকাঙ্ক্ষীদের হূদয়ে বেঁচে থাকবেন।’ প্রিয় লেখকের প্রতি এভাবেই ভালোবাসা জানিয়েছেন কলম্বিয়ার পপতারকা শাকিরা। এএফপি, রয়টার্স ও বিবিসি।
“তিনি বলেছিলেন...
আমি সব সময়ই এটা দেখে মজা পাই যে আমার কাজের জন্য বড় প্রশংসাগুলো আসে কল্পনার জন্য। অথচ বাস্তবতা হচ্ছে, আমার লেখালেখির মধ্যে একটি লাইনও নেই, যার কোনো বাস্তব ভিত্তি নেই। সমস্যা হচ্ছে, ক্যারিবীয় বাস্তবতার সঙ্গে বাঁধনহারা কল্পনার মিল রয়েছে।
দ্য প্যারিস রিভিউ ইন্টারভিউজ দি আর্ট অব ফিকশন নম্বর ৬৯

সব মানুষেরই তিনটি জীবন রয়েছে: সর্বজনবিদিত, ব্যক্তিগত ও গোপন।
গাব্রিয়েল গার্সিয়া মার্কেস: এ লাইফ
মানুষ বুড়ো হয়ে যায় বলে স্বপ্নের পেছনে ছোটা বন্ধ করে দেয়, এটা সত্যি নয়। বরং তারা স্বপ্নের পেছনে ছোটা বন্ধ করে দেয় বলেই বুড়ো হয়ে যায়।
লাভ ইন দ্য টাইম অব কলেরা
সুন্দর বার্ধক্যের গোপন রহস্য আর কিছুই নয়: এটা কেবল নিঃসঙ্গতার সঙ্গে এক অকপট চুক্তি।
ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিটিউড
পৃথিবীর কোনো কিছুর বিনিময়েই আমি আমার দুর্ভোগের আনন্দগুলোকে হাতছাড়া করব না।
মেমোরিজ অব মাই মেলাঙ্কলি হারস

