‘পরিবারের সঙ্গে তারিক আজিজকে কথা বলতে দেওয়া হচ্ছে না’
ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের আমলের উপপ্রধানমন্ত্রী মৃত্যুদণ্ডাদেশ পাওয়া তারিক আজিজকে তাঁর পরিবারের লোকজনের সঙ্গে ফোনে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। তারিক আজিজের ছেলে জিয়াদ আজিজ গতকাল রোববার এ অভিযোগ করেছেন। জিয়াদ আজিজ বর্তমানে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে জর্ডানে অবস্থান করছেন। তিনি জানান, তাঁর অসুস্থ কারাবন্দী বাবা তারিক আজিজকে আমেরিকানরা প্রতি মাসে পরিবারের সঙ্গে সর্বমোট ৩০ মিনিট ফোনে কথা বলার সুযোগ দিত। এ ছাড়া বড়দিন ও নববর্ষের দিনেও তাঁকে ফোনে কথা বলতে দেওয়া হতো। তবে এখন আর তাঁকে ফোনে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না।২০০৩ সালে মার্কিন আগ্রাসনে বাগদাদের পতন হওয়ার কয়েক দিনের মাথায় খ্রিষ্টধর্মাবলম্বী তারিক আজিজ আত্মসমর্পণ করেন। এর পর থেকেই তিনি কারাগারে রয়েছেন। ব্যাপক হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে তাঁকে ২০১০ সালে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। এক বছর আগে তাঁকে মার্কিন বন্দিশিবির ক্যাম্প ক্রপার থেকে ইরাক পরিচালিত বাগদাদের খাদিমিয়াহ কারাগারে নেওয়া হয়। ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি তারিক আজিজের মৃত্যুদণ্ডাদেশের রায়ে সই করতে অস্বীকৃতি জানিয়েছেন।ছেলে জিয়াদ আজিজ জানান, তাঁর বাবা তারিক আজিজের স্বাস্থ্যের অবস্থা বর্তমানে এতটাই অবনতি হয়েছে যে তিনি চলাফেরার ক্ষমতাও হারিয়ে ফেলেছেন। জেলখানায় সহবন্দীরা তাঁর খাবার তৈরি ও কাপড়-চোপড় ধুয়ে দিয়ে তাঁকে যত্ন নেন।শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তারিক আজিজকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে আসছে তাঁর পরিবার। বিশেষ করে ২০০৭ সালের শেষের দিকে হূদেরাগে আক্রান্ত হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হয়। এর বাইরে তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও আলসার রোগেও আক্রান্ত। এএফপি।