'পরিস্থিতির আরও অবনতি হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড টাস্ক ও আঙ্গেলা ম্যার্কেল
ডোনাল্ড টাস্ক ও আঙ্গেলা ম্যার্কেল

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর নাগরিকেরা ব্রেক্সিটের পরও যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন বলে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে যে প্রস্তাব দিয়েছেন, ইইউর নেতারা তার সমালোচনা করেছেন। জ্যেষ্ঠ এক নেতা দাবি করেছেন, এই প্রস্তাবের কারণে ইইউর জন্য পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক যুক্তরাজ্যের এই পরিকল্পনাকে তাঁদের ‘প্রত্যাশার বাইরে’ বলে আখ্যা দিয়েছেন। আর জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছেন, এতে নতুন কিছুই নেই।
থেরেসা মে অবশ্য স্বীকার করেন, দুই পক্ষের মধ্যে ব্যবধান রয়েছে। তবে তিনি বলেন, যুক্তরাজ্যে বসবাস করতে আগ্রহী মানুষেরা অবশ্যই নিজেদের অধিকার সুরক্ষার নিশ্চয়তা পাবেন।
যুক্তরাজ্যে ইইউ দেশগুলোর প্রায় ৩২ লাখ মানুষ বসবাস করেন। আর যুক্তরাজ্যের প্রায় ১২ লাখ মানুষ ইইউর বিভিন্ন দেশে থাকেন। ইইউ থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) পর তাঁদের সুরক্ষা নিশ্চিত করতে দুই পক্ষই আলোচনায় বসার আগ্রহ জানিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী মে গত বৃহস্পতিবার যে পরিকল্পনা ঘোষণা করেছেন, তাতে ইইউর প্রত্যেক নাগরিক ব্রেক্সিটের পরও যুক্তরাজ্যে বসবাসের বৈধতা পাবেন। ২০১৯ সালের ৩০ মার্চ থেকে ব্রেক্সিট কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। মে বলেছেন, অন্তত পাঁচ বছর ধরে যুক্তরাজ্যে থাকলে ইইউর যেকোনো দেশের মানুষ সমান সেবা, পেনশন ও সুবিধা পাবেন।
ইইউর নেতারা এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ এটাকে ‘সুন্দর সূচনা’ আখ্যা দিয়ে পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রকাশের জন্য যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এবং জার্মান চ্যান্সেলর ম্যার্কেল এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, আরও অনেক পথ পাড়ি দেওয়ার বাকি আছে। সূচনাটা ভালো হলেও এতে কোনো নতুনত্ব নেই।
ডোনাল্ড টাস্ক বলেন, ইইউ যুক্তরাজ্যের এই প্রস্তাব খুঁটিয়ে যাচাই করবে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, এমন প্রস্তাব ইইউর প্রত্যাশার বাইরে ছিল। আর এতে ইইউর নাগরিকদের অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
যুক্তরাজ্যে যাওয়ার সময়ের ওপর নির্ভর করে ইউউর নাগরিকদের ভিন্নভাবে মূল্যায়নের প্রস্তাবের বিরুদ্ধে মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাস্কাট হুঁশিয়ারি দিয়েছেন।
ইউউর যেসব নাগরিক বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন, তাঁরা সেখানে পাঁচ বছর থাকলেই স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পান। ইইউ চাইছে, এই ব্যবস্থা বহাল থাকুক।
যুক্তরাজ্যের বাসিন্দা ইইউর নাগরিকদের অধিকার আন্দোলনে সক্রিয় থ্রি মিলিয়ন নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য অ্যান-লাওরে দোনস্কয় বলেন, যুক্তরাজ্যের প্রস্তাব ‘হতাশাজনক’। তাঁরা এমনটা কখনো আশা করেননি।
ব্রিটিশ পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা জেরেমি করবিন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যুক্তরাজ্যে বসবাসকারী সব ইইউ নাগরিককে বসবাসের পূর্ণ অধিকার দেওয়া হোক। বর্তমান প্রস্তাবটি যথেষ্ট নয় এবং এটা যুক্তরাজ্যে পাঁচ বছরের কম সময় ধরে বসবাসকারী ইইউর নাগরিকদের অনিশ্চয়তায় ফেলে দেয়। অথচ এই মানুষেরা যুক্তরাজ্যে কর্মরত এবং সপরিবারে থাকেন।