‘পাকিস্তান ও চীনের যৌথ সামরিক মহড়া অভিন্ন অবস্থানের আভাস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান ও চীনের সাম্প্রতিক যৌথ সামরিক মহড়া তাদের সম্পর্ক জোরদারের সুস্পষ্ট আভাস দিয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকেরা। ‘ফ্রেন্ডশিপ-আইভি-২০১১’ শীর্ষক দুই সপ্তাহব্যাপী যৌথ ওই মহড়ায় পাকিস্তানের ২৮০ ও চীনের ২৬০ জন সেনা অংশ নেয়। ২০০৬ সালের পর পাকিস্তান ও চীনের মধ্যে এটি চতুর্থ সামরিক মহড়া।পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঝিলাম এলাকায় অনুষ্ঠিত ওই সামরিক মহড়ার সমাপনী দিন সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি। কায়ানি বলেন, পাকিস্তান-চীন সম্পর্ক সত্যিকার অর্থে কৌশলগত। কোনো দেশের বিরোধিতার জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ছে না ইসলামাবাদ ও বেইজিং। এ সম্পর্ক এই অঞ্চলের স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করতে সহায়ক হবে। চীনের নিরাপত্তা পাকিস্তানের জন্যও স্বস্তির বিষয়। দুই দেশের মধ্যে এই যৌথ সামরিক মহড়া দুই পক্ষের সম্পর্ক আরও জোরদার করবে।সংবাদ সম্মেলনে চায়নিজ পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ডেপুটি চিফ অব জেনারেল স্টাফ জেনারেল হউ সুশেন উপস্থিত ছিলেন।জেনারেল হউ সুশেন বলেন, পাকিস্তানি সেনারা সরাসরি সন্ত্রাসবাদের সঙ্গে লড়ছে। তাদের কাছ থেকে শিক্ষা নিতে পারবে চীনের সেনাবাহিনী।এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারের ঘোষণা চীন সহজভাবে নেয়নি। অন্যদিকে পাকিস্তানের সঙ্গেও দেশটির সম্পর্কের টানাপোড়েন চলছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন ও পাকিস্তানের এই দূরত্ব যেন এশিয়ার দেশ দুটিকে পরস্পর ঘনিষ্ঠ হতে উৎসাহিত করেছে। পাকিস্তানের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ চীন। পাকিস্তানে তারা দুটি পারমাণবিক প্রকল্প গড়ে তুলেছে। সেখানে দুটি পারমাণবিক চুল্লিও নির্মাণের কথা রয়েছে চীনের।পাকিস্তানের বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের বর্তমান সম্পর্ক যেন অসুখী দম্পতির মতো। ইচ্ছে থাকা সত্ত্বেও সম্পর্কের ইতি টানা সম্ভব হচ্ছে না। আর এই সময় চীন তার কাছে ভালোবাসা নিয়ে এসেছে।বিশ্লেষক মাইকেল ডিলন বলেন, বেইজিং-ইসলামাবাদের এই সম্পর্ক আদর্শগত নয়, কৌশলগত। চীন সন্ত্রাসবাদবিরোধী সহযোগিতার জন্য পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে পারে। এএফপি, দ্য নিউজ।