‘পাকিস্তানের পদক্ষেপ যথেষ্ট নয়’
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, সম্পর্ক স্বাভাবিক করতে পাকিস্তানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত। কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান যথেষ্ট পদক্ষেপ নিতে পারছে না।গত বুধবার লোকসভায় বক্তৃতায় মনমোহন সিং এ কথা বলেন। এ সময় তিনি তাঁর সরকারের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন পদক্ষেপের বর্ণনা দেন। একই সঙ্গে তাঁর ও তাঁর দলের বিরুদ্ধে নোংরা মন্তব্য করায় প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কঠোর সমালোচনা করেন মনমোহন।প্রধানমন্ত্রী বলেন, ‘দ্বিপক্ষীয় সহযোগিতা ও মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং বিরোধপূর্ণ বিষয়গুলোর সমাধানসহ সম্পর্ক স্বাভাবিক করতে পাকিস্তানের সঙ্গে আমাদের সংলাপ অব্যাহত রয়েছে।’ তবে সম্প্রতি কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় দুই দেশের সেনাদের মধ্যে উত্তেজনা ও গুলিবিনিময়ের ঘটনা সংলাপ-প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলছে বলে জানান তিনি।মনমোহন বলেন, ‘ব্যবসা-বাণিজ্য এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা ছিল। কিন্তু গত জানুয়ারিতে নিয়ন্ত্রণরেখায় দুই ভারতীয় সেনা নিহত হওয়ার মতো বর্বরোচিত ঘটনাগুলো সংলাপ-প্রক্রিয়ায় কালো ছায়া ফেলছে।’ তিনি আরও বলেন, ‘এ ছাড়া সন্ত্রাসবাদীদের অবকাঠামো উচ্ছেদে এবং ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার হোতাদের বিচারের মুখোমুখি করতে পাকিস্তান কোনো গ্রহণযোগ্য পদক্ষেপ নিয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি না। পাকিস্তানের সঙ্গে সুপ্রতিবেশীসুলভ সম্পর্কই আমাদের পরস্পরের কাম্য। আমরা আরও আশা করি, সম্পর্কের স্বাভাবিকতা সৃষ্টি এবং তা এগিয়ে নিতে সহায়ক পরিবেশ নিশ্চিত করতে পাকিস্তানের দিক থেকে পদক্ষেপ নেওয়া হবে।’ ডন।