‘পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেননি হিলারি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ দুজন কর্মকর্তা বলেছেন, নিউইয়র্কের টাইমস স্কয়ারে ব্যর্থ বোমা হামলার ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেননি। গণমাধ্যমে এটি ভিন্নভাবে প্রকাশ করা হয়েছে। সিবিএস টেলিভিশনে গত রোববার হিলারির একটি সাক্ষাত্কার প্রচার করা হয়। এতে হিলারি বলেন, ‘বোমা হামলার মতো ষড়যন্ত্রে পাকিস্তানের কোনো যোগসূত্র পাওয়া গেলে এর পরিণাম হতো ভয়াবহ।’ওই হামলায় জড়িত অভিযোগ পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ফয়সাল শাহজাদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর সঙ্গে কোনো জঙ্গিগোষ্ঠীর যোগাযোগ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংযোগবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পি জে ক্রাউলি বলেন, ‘হিলারি কোনো প্রশ্নের উত্তরে এমন বলে থাকতে পারেন। আর তিনি নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি। তবে বিদেশি কোনো শক্তির হাত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন হিলারি।’পাকিস্তান ও আফগানিস্তানবিষয়ক মার্কিন বিশেষ দূত রিচার্ড হলব্রুক ওয়াশিংটনে ফরেন প্রেস সেন্টারে বলেন, ‘হিলারির সাক্ষাত্কারের পুরো অংশটি সিবিএস টেলিভিশনে দেখানো হয়নি। এর ফলে তিনি (হিলারি) আসলেই যা বলেছেন, তার অর্থ অন্যরকম হয়ে গেছে।’ টাইমস অব ইন্ডিয়া।