‘পারমাণবিক প্রযুক্তি পাচারের নির্দেশ দিয়েছিলেন বেনজির’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের ‘পারমাণবিক বোমার জনক’খ্যাত বিজ্ঞানী আবদুল কাদির খান দাবি করেছেন, সে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর নির্দেশে তিনি পাকিস্তানের পারমাণবিক প্রযুক্তি অন্য দুটি দেশের কাছে হস্তান্তর করেছিলেন।পাকিস্তানের সংবাদ সংস্থা জং নিউজকে গত শনিবার দেওয়া এক সাক্ষাৎকারে কাদির খান এই দাবি করেন। তবে ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) বলেছে, কাদির খানের বক্তব্য সত্য নয়। তিনি বিদেশে পারমাণবিক প্রযুক্তি পাচার করে যে অন্যায় করেছিলেন, তা ‘ধুয়ে-মুছে ফেলার’ জন্য বেনজির ভুট্টোকে জড়িয়ে মিথ্যা বক্তব্য দিয়েছেন।প্রয়াত বেনজির ভুট্টোর স্বামী ও পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির মুখপাত্র ফরহাতুল্লা বাবর এক বিবৃতিতে বলেন, বেনজির বেঁচে নেই। এ অবস্থায় তাঁকে জড়িয়ে কাদির খান যা বলেছেন, তা অগ্রহণযোগ্য।কাদির খান বলেন, পারমাণবিক প্রযুক্তি কারও কাছে হস্তান্তর করা এত সহজ নয় যে কোনো একজন এটা পকেটে ভরে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাবে। তিনি বলেন, ‘পুরো কাজের দেখভাল করে প্রায় ৮০০ জন ব্যক্তি। সে সময়ের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় বেনজির ভুট্টো আমাকে ডেকে পাঠান এবং দুটি দেশের নাম উল্লেখ করে তাদের সহায়তা করার ও পরিষ্কার করে সব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন।’ ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন।