'পারলে ইরান সরকারকে উচ্ছেদ করত যুক্তরাষ্ট্র'

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, সম্ভব হলে ইরান সরকারকে উত্খাত করতো যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্রটিকে সবসময় নিয়ন্ত্রণে রাখতে ও এটির ব্যাপারে নাক গলাতে চায় ওয়াশিংটন।
স্থানীয় বার্তা সংস্থাগুলোর বরাত দিয়ে রয়টার্স জানায়, ইরানে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের ৩৫তম বর্ষপূর্তিতে এক বক্তৃতায় যুক্তরাষ্ট্র নিয়ে এসব কথা বলেন খামেনি। তিনি ইরানি রাজনীতিকদের উদ্দেশে বলেন, সাময়িক অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ভিত্তিতে নয়, দেশীয় উদ্ভাবনের ওপর ভিত্তি করে ইরানের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হবে।
আয়াতুল্লাহ খামেনি বলেন, ‘ইরানের ক্ষমতার পরিবর্তন চান না বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা প্রকাশ্যে বলে থাকেন। এটি মিথ্যা। সম্ভব হলে তাঁরা এটি করতে এক মুহূর্তও সময় নিতো না।’
বক্তৃতায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বশক্তির সঙ্গে দেশটির আলোচনা প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি খামেনি। তবে তিনি জোর দিয়ে বলেন, শত্রুদের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে ইরান সাময়িক কৌশল পরিবর্তন করতে পারে। তবে ইরান মূল নীতি থেকে সরে আসবে না।
খামেনি আরও বলেন, ‘আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে দেওয়ার দিকে তাকালে হবে না। কর্মকর্তাদের প্রতি আমাদের উপদেশ, অফুরন্ত দেশীয় সম্ভাবনাকে কাজে লাগান।’
খামেনির আজকের বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রতি তাঁর পুরোনো বিদ্বেষের চিত্র ফুটে উঠেছে। ইরান সরকার দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে তাঁদের ঘোর শত্রু বলে মনে করে। ১৯৮০ সালে ক্ষমতাচ্যুত ইরানের সাবেক শাহকে সমর্থন করায় তেহরানে যুক্তরাষ্ট্রের দূতাবাসের ৫২ জন কূটনীতিককে বন্দি করে ইরানি ছাত্ররা। এর পর থেকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো দাপ্তরিক সম্পর্ক নেই।