‘পুতিন রাশিয়ার জন্য ঈশ্বরের উপহার’
রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনকে সে দেশের জন্য ‘ঈশ্বরের উপহার’ হিসেবে অভিহিত করেছেন ক্রেমলিনের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা। ক্রেমলিনের প্রধান রাজনৈতিক কুশলী ও পুতিনের ঘনিষ্ঠ সহচর ভ্লাদিসলভ সুরকভ গত শুক্রবার এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, রাশিয়ার সবচেয়ে অশান্ত ও দুর্যোগপূর্ণ সময় দেশটিকে সাহায্য করতে ঈশ্বর পুতিনকে পাঠিয়েছেন। সরকারি চেচেন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার অন্যতম এই প্রভাবশালী কর্মকর্তা বলেন, ‘আমি মনেপ্রাণে বিশ্বাস করি, রাশিয়া ভাগ্যজোরে পুতিনকে পেয়েছে। রাশিয়ার কঠিন সময় ঈশ্বর তাঁকে আমাদের মাঝে পাঠিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘আমাদের জনগণকে রক্ষার জন্য পুতিনকে পাঠানোর বিষয়টি ঈশ্বর কর্তৃক পূর্বনির্ধারিত।’২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন পুতিন (৫৮)। এরপর দায়িত্ব নেন প্রধানমন্ত্রী হিসেবে। বলা হচ্ছে, বর্তমান রাশিয়ার প্রধান নীতিনির্ধারক তিনিই।রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন (১৯৯১-১৯৯৯) আকস্মিকভাবে পদত্যাগের পর ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন পুতিন। পরে ২০০০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বিজয়ী হন। ২০০৪ সালে পুনর্নির্বাচিত হন। সাংবিধানিক বিধিনিষেধের কারণে ২০০৮ সালে তৃতীয় মেয়াদে নির্বাচন করতে পারেননি। তবে তাঁর উত্তরসূরি দিমিত্রি মেদভেদেভ প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর তাঁকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়ে দেন।প্রেসিডেন্ট থাকাকালীন চেচনিয়ার বিদ্রোহ দমনে সেখানে সেনা পাঠিয়ে রাশিয়ার সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেন পুতিন। তা ছাড়া সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার অর্থনৈতিক উন্নয়নের চাকা সচলেও নেতৃত্ব দেন। প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর পুতিন তাঁর পূর্বসূরি বরিস ইয়েলৎসিনের সময় ফুলেফেঁপে ওঠা রাজনৈতিকভাবে উচ্চাভিলাষী ব্যবসায়ী শ্রেণীকে কোণঠাসা করে ফেলেন। ফলে চাপে পড়ে যায় বিরোধীরা। রাশিয়ার রাজনীতিতে প্রতিষ্ঠিত হয় পুতিনের একক কর্তৃত্ব। কিন্তু রাষ্ট্র পরিচালনায় তাঁর অসাধারণ নেতৃত্বগুণের জন্য সাধারণ মানুষের কাছে তিনি এখনো নায়ক। তবে প্রধানমন্ত্রী পুতিনের একজন মুখপাত্র বলেছেন, পুতিন এ ধরনের প্রশংসা পছন্দ করেন না। রয়টার্স।