'পুরুষ আত্মীয় ছাড়া নারীদের বাজারে যাওয়া নিষিদ্ধ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের আফগান-সীমান্তবর্তী কারাক জেলায় পুরুষ নিকটাত্মীয় ছাড়া নারীদের বাজারে যাওয়া নিষিদ্ধ করেছেন স্থানীয় উপজাতীয় ও ধর্মীয় নেতারা। আফগানিস্তানের একটি এলাকায়ও একই ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বিবিসি ও ‘দ্য ডন’-এর খবরে বলা হয়, কারাকের ধর্মীয় নেতাদের সংগঠন খাটাক ইত্তেহাদের স্থানীয় কমিটি গতকাল শুক্রবার এক বৈঠক করে ওই সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী, সঙ্গে একজন পুরুষ নিকটাত্মীয় ছাড়া কোনো নারী জেলার কোনো বাজারে গিয়ে কেনাকাটা করতে পারবে না।

খাটাক ইত্তেহাদের জেলা কমিটির প্রধান মাওলানা মির্জাকিম বলেন, ‘পুরুষ আত্মীয় ছাড়া যাঁরা বাজারে যাবেন, তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’ তিনি মন্তব্য করেন, ‘নারীরা অশ্লীলতা ছড়ান, যা এই রমজানে পুরুষদের রোজা নষ্ট করে দেয়।’ পুরুষ নিকটাত্মীয় ছাড়া নারীদের বাজারে যাওয়া নিষিদ্ধ করার বিষয়টি মাইকে প্রচার করা হবে বলেও জানান মির্জাকিম। তবে রমজান মাসের পর ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে কি না, তা জানাননি তিনি।

কারাক জেলার একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধর্মীয় নেতারা তাঁদের ওই সিদ্ধান্ত বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে তাঁরা এটা বাস্তবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছেন।

পাকিস্তানের প্রতিবেশী দেশ আফগানিস্তানের বাঘলান প্রদেশের দেহ সালাহ এলাকায় স্থানীয় ধর্মীয় নেতারা গত মাসের শেষের দিকে একটি ডিক্রি জারি করেন। এতে পুরুষ আত্মীয়কে সঙ্গে নেওয়া ছাড়া নারীদের বাইরে বের হওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রসাধন সামগ্রীর দোকানগুলো বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে। ডিক্রির ভাষ্যমতে, এসব দোকান ‘পতিতাবৃত্তির কাজে’ ব্যবহার করা হচ্ছে।

তালেবান আমলের মতো অতি কট্টর এ ডিক্রি জারির বিষয়ে স্থানীয় ধর্মীয় নেতাদের সিদ্ধান্তের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের প্রধান ধর্মীয় উপদেষ্টাদের একজন এনায়েতুল্লাহ বালিঘ। তিনি আরও বলেন, ওই প্রসাধন সামগ্রীর দোকানগুলো কোনোমতেই আর খোলা রাখা যাবে না। দোকানপাট ব্যবসা করার জন্য, ব্যভিচারের জন্য নয়।

 তবে স্থানীয় পুলিশ ও বাসিন্দারা এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

দেহ সালাহ এলাকাটি প্রথাগতভাবে তালেবানবিরোধী বলেই পরিচিত ছিল। ধর্মীয় নেতাদের ওই নিষেধাজ্ঞার বিষয়ে সেখানে এরই মধ্যে প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। সম্প্রতি একজন স্থানীয় নেতা একটি দোকানে ওই নিষেধাজ্ঞা কার্যকর করতে গেলে দোকানের মালিক তাঁকে গুলি করে হত্যা করেন।