‘প্রতিষ্ঠান পরিচালনায় মারডক উপযুক্ত নন’
‘বড় মাপের আন্তর্জাতিক প্রতিষ্ঠান পরিচালনায় রুপার্ট মারডক উপযুক্ত নন’—ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের সংস্কৃতিবিষয়ক সংসদীয় কমিটি তাদের প্রতিবেদনে এ কথা বলেছে। প্রতিবেদনে মারডকের ছেলে জেমস মারডক সম্পর্কে বলা হয়েছে, আড়িপাতার ঘটনায় তিনি ‘ইচ্ছাকৃত অজ্ঞতা’ প্রদর্শন করেছেন। তবে এ প্রতিবেদনের সমালোচনা করেছে রুপার্ট মারডকের মালিকানাধীন নিউজ করপোরেশন। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে উল্লেখ করেছে, ‘সংসদীয় কমিটির দেওয়া প্রতিবেদন অনায্য এবং অতিমাত্রায় পক্ষপাতদুষ্ট।’মারডকের মালিকানাধীন প্রতিষ্ঠান নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর কর্মীদের ফোনে আড়িপাতার অভিযোগের ওপর তদন্ত করে পার্লামেন্টের সংস্কৃতি, তথ্য ও ক্রীড়াবিষয়ক সংসদীয় কমিটি। অভিযোগ তদন্তে গঠিত এই সংসদীয় কমিটির সদস্য ছিলেন ১১ জন। এর মধ্যে কনজারভেটিভ দলের পাঁচজন, লেবার পার্টির পাঁচজন এবং লিবারেল ডেমোক্র্যাট দলের একজন সদস্য কমিটিতে ছিলেন।বিভিন্ন ঘটনা পর্যালোচনার পর হাউস অব কমন্সের এমপিরা আড়িপাতার ঘটনায় নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর কর্মীদের সমালোচনা করলেও মারডক ও তাঁর ছেলের বিষয়ে নিজেদের মূল্যায়ন প্রকাশের বিষয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েন। কনজারভেটিভ দলের পাঁচজন এমপি রুপার্ট মারডকের পক্ষে অবস্থান নিলেও, বাকি ছয় সদস্য ভিন্নমত পোষণ করেন।নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর কর্মীরা কয়েকজন ব্যক্তির ফোনে আড়ি পাতেন, এমন খবর গত বছর ফাঁস হয়। অভিযোগ ওঠার কিছুদিনের মধ্যেই নিউজ অব দ্য ওয়ার্ল্ড বন্ধ করে দেওয়া হয়।সংসদীয় কমিটি তাদের দেওয়া প্রতিবেদনে উল্লেখ করেছে, কর্মীদের ফোনে আড়িপাতার বিষয়টি জানা সত্ত্বেও রুপার্ট মারডক কোনো পদক্ষেপ নেননি।