'প্রধানমন্ত্রী ইংলাক আসলেই সদরদপ্তর ঘেরাও'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাস্তায় বিক্ষোভকারী-পুলিশ ব্যাপক সংঘর্ষের পর বিক্ষোভ কর্মসূচি আরও জোরদার করেছে সরকারবিরোধীরা। গতকাল বুধবার বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সংকটকালীন সদর দপ্তর ঘেরাও করে। বিক্ষোভকারীরা ঘোষণা দিয়েছে, ইংলাক ওই সদরদপ্তরে আসলেই, তারা সেটি ঘেরাও করবে।
নতুন করে সহিংসতা থাইল্যান্ডে তিন মাস ধরে চলা রাজনৈতিক সংকট সমাধানের সম্ভাবনাকে আরও অনিশ্চয়তায় ফেলে দিয়েছে। সহিংসতায় এ পর্যন্ত পুলিশ সদস্য ও বিক্ষোভকারীসহ অন্তত ১৬ জন নিহত হয়েছে। এ ছাড়া বন্দুকের গুলি ও বোমায় আহত হয় কয়েক শ মানুষ।
থাইল্যান্ডে প্রায় এক দশক ধরে রাজনৈতিক সংকট চলছে। বর্তমান প্রধানমন্ত্রী ইংলাকের ভাই স্বেচ্ছানির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক ও বিরোধীদের মধ্যে এই রাজনৈতিক দ্বন্দ্বের জের অনেকবার পাল্টাপাল্টি বিক্ষোভ-প্রতিবাদ হয়েছে। বিক্ষোভকারীরা ইংলাকের পদত্যাগ চায়।
ইংলাকের আসল সদর দপ্তর দীর্ঘদিন ধরে অবরুদ্ধ থাকায় তিনি কয়েক সপ্তাহ ধরে ব্যাংককের উপকণ্ঠে প্রতিরক্ষা দপ্তরের স্থায়ী সচিবের কার্যালয়কে দৈনন্দিন বৈঠকের জন্য ব্যবহার করছিলেন। তবে কয়েক হাজার বিক্ষোভকারী গতকাল মিছিল নিয়ে ওই কার্যালয়ের দিকে যায়। তবে ইংলাক এ সময়ে সেখানে ছিলেন না।
বিক্ষোভকারীরা সেখানে যাওয়ার পর সামরিক বাহিনীর কর্মকর্তারা বিক্ষোভকারীদের নেতা সুথেপ থাগসুবানের সঙ্গে কথা বললে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। সুথেপ বলেন, ‘ইংলাক যদি এর পরও এখানে কাজ করতে আসেন, তবে প্রতিদিনই আমরা এখানে আসব।’ ইংলাককে দেশছাড়া করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন জ্যেষ্ঠ এই বিরোধী নেতা।
এর আগে মঙ্গলবার ব্যাংককের একটি এলাকা থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দিতে অভিযান চালায় দাঙ্গা পুলিশ। ওই অভিযানের জের ধরে সংঘর্ষে একজন পুলিশ সদস্য ও চারজন বেসামরিক লোক নিহত হন। এএফপি।