‘ফিসক্যাল ক্লিফ’ এড়ানোর শেষ চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে ‘ফিসক্যাল ক্লিফ’ হিসেবে পরিচিত আর্থিক সংকট এড়াতে নতুন আইন করার লক্ষ্য নিয়ে গতকাল রোববার কংগ্রেস অধিবেশন শুরু হয়েছে। এতে দেশটির ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টি ও বিরোধী দল রিপাবলিকান পার্টির আইনপ্রণেতারা নতুর আইনের ব্যাপারে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবেন। ‘ফিসক্যাল ক্লিফ’ এড়াতে এটাই হবে আইনপ্রণেতাদের শেষ চেষ্টা।আজ ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন আইন না হলে কর বৃদ্ধি এবং সরকারি ব্যয় হ্রাস স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যাবে। এটিই যুক্তরাষ্ট্রে ‘ফিসক্যাল ক্লিফ’ বলে পরিচিত। বিশ্লেষকেরা বলছেন, এই সংকট এড়ানো সম্ভব না হলে দেশটিতে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হবে; যার প্রভাব পড়বে সারা বিশ্বে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল বেলা একটায় (বাংলাদেশ সময় গতকাল রাত ১২টা) মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের অধিবেশন শুরু হয়। নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের অধিবেশন শুরু হয় এর এক ঘণ্টা পর। চূড়ান্ত সময়সীমার মাত্র ৩৬ ঘণ্টা আগে শুরু হওয়া এই অধিবেশনে আইন প্রণেতারা নতুন আইন করতে বিতর্ক করার খুব কম সময় পাচ্ছেন।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নতুন আইন করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই প্রচেষ্টার অংশ হিসেবে গত শুক্রবার তিনি হোয়াইট হাউসে কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করেন। এরপর ‘ফিসক্যাল ক্লিফ’ এড়ানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ওবামা বলেন, এই সংকট এড়ানো সম্ভব না হলে করদাতা প্রতিটি নাগরিকের কর বেড়ে যাবে। সেটা হবে আমাদের অর্থনীতির জন্য একটি ক্ষতিকর দিক। কংগ্রেস নতুন আইন করে ওই পরিস্থিতি ঠেকাতে পারে।’ এএফপি, রয়টার্স।