'ফেরারি' ফিরেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ফেরারি’ ফিরেছ
‘ফেরারি’ ফিরেছ

ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) একটি কৃত্রিম উপগ্রহের বিভিন্ন অংশ গত রোববার রাতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইএসএ কর্তৃপক্ষ গতকাল সোমবার জানায়, গোস নামের স্যাটেলাইটটি আবার পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেছে। এটি পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্র পরিমাপ করতে গিয়েছিল।
গোসের প্রায় ২৫ শতাংশ ভূপৃষ্ঠে এসে পৌঁছেছে। কিন্তু কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে কোন জায়গায় স্যাটেলাইটটির অংশবিশেষ পড়েছে, তা উল্লেখ করেনি ইএসএ। ধারণা করা হচ্ছে, মহাশূন্যের ওই আবর্জনা পূর্ব এশিয়া বা পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে অ্যান্টার্কটিকা অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
‘ফেরারি’ গাড়ির সঙ্গে আংশিক সাদৃশ্যের কারণে গোসকে বলা হয় ‘মহাকাশের ফেরারি’। ইএসএর ইতিহাসে ২৫ বছরের মধ্যে এই প্রথম কোনো স্যাটেলাইট স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীতে ফিরে এল। অবশ্য জ্বালানি ফুরিয়ে যাওয়ার পর প্রত্যাবর্তন ছাড়া গোসের আর কোনো বিকল্প ছিল না। এক টন ওজনের স্যাটেলাইটটি ২০০৯ সালের মার্চে যাত্রা শুরু করে। পৃথিবী থেকে ২৬০ কিলোমিটার উচ্চতায় এটি পরিভ্রমণ করে। এএফপি ও বিবিসি।