‘ফ্রেন্ডস অব সিরিয়া’ সম্মেলনে রাশিয়া অংশ নেবে না
আগামী শুক্রবার সিরিয়ার রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে তিউনিসে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবে না রাশিয়া। কারণ, বৈঠকে কেবল সিরিয়ার বিরোধীদের সমর্থন করা হচ্ছে।গতকাল মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে একটি পক্ষের বিরুদ্ধে অন্য একটি পক্ষকে সমর্থন দেওয়ার উদ্দেশ্যে “ফ্রেন্ডস অব সিরিয়া” সম্মেলন ডাকা হয়েছে। কাজেই আমরা ওই সম্মেলনে অংশ নেওয়ার প্রস্তাব গ্রহণ করতে পারি না।’সম্প্রতি সিরিয়ার সহিংসতার জন্য প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে আনা নিন্দা প্রস্তাবে ভেটো দেয় চীন ও রাশিয়া। এ ঘটনার পাল্টা পদক্ষেপ হিসেবে সম্প্রতি ‘ফ্রেন্ডস অব সিরিয়া’ নামে ওই জোট গঠন করা হয়। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কয়েকটি আরব দেশ ও যুক্তরাষ্ট্র ওই জোটের প্রতি সমর্থন দিয়েছে। প্রতিষ্ঠার পর থেকে ফ্রেন্ডস অব সিরিয়ার এটাই প্রথম সম্মেলন।বিবৃতিতে বলা হয়, ‘তিউনিসে অনুষ্ঠেয় সম্মেলনে অংশ নিতে সিরিয়ার সরকারবিরোধীদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বাশার আল-আসাদ সরকারের কোনো প্রতিনিধিকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। এএফপি।