'বই-ই পারে দুই দেশের বন্ধন দৃঢ় করতে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় বাংলাদেশ বইমেলা উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে আলোচকেরা। ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতায় বাংলাদেশ বইমেলা উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে আলোচকেরা। ছবি: ভাস্কর মুখার্জি

বই-ই পারে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে। দুই দেশের মধ্যে যত বেশি বইয়ের আদান-প্রদান হবে, তত বেশি একে অপরকে চিনতে পারবে, জানতে পারবে।

বাংলাদেশ বইমেলা উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় কলকাতার একাডেমি অব ফাইন আর্টস মিলনায়তনে ‘সম্প্রীতির জন্য বই’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশের সংস্কৃতিসচিব রণজিত্ কুমার বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী।

আলোচনায় অংশ নেন প্রখ্যাত লেখক সমরেশ মজুমদার, বাংলাদেশের কথাশিল্পী রাবেয়া খাতুন, বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের প্রধান নির্বাহী ফরিদুর রেজা সাগর, কবি অসীম সাহা, চিত্রপরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী, অধ্যাপক তানভির নাসরিন, প্রাবন্ধিক আনু মাহমুদ, প্রকাশক মাজহারুল ইসলাম, মিলনকান্তি নাথ, ফরিদ আহমেদ, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আবিদা ইসলাম প্রমুখ।

গতকাল বৃহস্পতিবার বিকেলে কলকাতার গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালা মিলনায়তনে উদ্বোধন হয়েছে সপ্তাহব্যাপী তৃতীয় বাংলাদেশ বইমেলা। এতে অংশ নিয়েছে বাংলাদেশের ২৮টি প্রতিষ্ঠান।