‘বড়শি’ ফেললেই মুদ্রা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গন্দক নদীর তীরে রশিতে বাঁধা চুম্বক নিয়ে বসে থাকে রোহিত কুমার। আর পানি থেকে সেই চুম্বক দিয়ে তুলে আনে মুদ্রা। গত ২৮ নভেম্বর থেকে এভাবেই নদী থেকে কয়েন তুলছে এই শিশুটি। তার মতো আরও কয়েক শ শিশু একই কাজ করছে।ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের সোনপুরে প্রতিবছর মাসব্যাপী মেলা বসে। মেলায় আগত দর্শনার্থী ও ভক্তরা ঈশ্বরের কৃপা লাভের আশায় নদীতে এসব মুদ্রা ফেলে।প্লাস্টিকের রঙিন রশির সঙ্গে চুম্বকের রিং বেঁধে বিশেষ ধরনের এই বড়শি তৈরি করা হয়। সেই বড়শির সাহায্যে মুদ্রা সংগ্রহ করে শিশুদের দল। এক মাস ধরে নদী থেকে মুদ্রা তুলছে রোহিত (১০)। স্কুল কামাই দিয়ে মায়ের নির্দেশে সে এ কাজ করছে। তবে বিফলে যাচ্ছে না তার চেষ্টা। রোহিত জানায়, গড়ে প্রতিদিন ১০০ থেকে ১১০ রুপি পায় সে। এতেই তার মা খুশি। রোহিতের বাবা শত্রুঘ্ন সিং দিনমজুর। তাঁর আয়ের চেয়ে ছেলের উপার্জন নেহাত কম নয়। রোহিত যা আয় করে, তা মা-বাবার হাতেই তুলে দেয়। ছয়জনের টানাপোড়েনের সংসারে ভালোই কাজে দেয় তার উপার্জন।গ্রামের অন্য ছেলেপুলের দেখাদেখি নদী থেকে রোহিত দুই বছর আগে এ কাজে নামে। সে জানায়, ছেলেদের মুদ্রা সংগ্রহ দেখে লোভ সামলাতে পারেনি রোহিত। একপর্যায়ে সেও মুদ্রা সংগ্রহের কৌশল রপ্ত করে।সোনপুর মেলায় হাজার হাজার হিন্দু পুণ্যার্থী গন্দক ও গঙ্গা নদীর মোহনায় স্নান করতে আসে। সৃষ্টিকর্তার কৃপা লাভের উদ্দেশে তাঁরা সে সময় নদীতে মুদ্রা নিক্ষেপ করেন। আর মুদ্রা নিক্ষেপের এই মুহূর্তটির অপেক্ষায় থাকে শিশুদের দল। পানিতে মুদ্রা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তারা স্রোতের অনুকূলে বড়শি ফেলে, আর সেই চুম্বকীয় বড়শিতে আটকে যায় মুদ্রা।রাকেশ কুমার নামের আরেক শিশু জানায়, দিনে গড়ে ১৫০ রুপির মতো সংগ্রহ করে সে। এই টাকাটা দিয়ে সে পরিবারের জন্য খাবার কেনে। রাকেশের বাবা সুরেশ রায় একজন চায়ের দোকানি। সংসারে নয়জন সদস্য। বিবিসি।