‘বলয়গ্রাস’ সূর্যগ্রহণ দেখল লাখো মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ। ফলাফল, সূর্যের আলো পৃথিবীতে আসার পথে বাধাগ্রস্ত হলো। তবে চাঁদকে ছাপিয়ে চারপাশ দিয়ে যে আলো পৃথিবীতে পৌঁছাল, তা তৈরি করল এক অনিন্দ্যসুন্দর বলয়।প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত এশিয়া ও যুক্তরাষ্ট্রের লাখো মানুষ গতকাল সোমবার সূর্যগ্রহণের এ বিরল দৃশ্য অবলোকন করে। মূলত পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় চলে এলে সূর্যগ্রহণ সংঘটিত হয়। আর এ সময় চাঁদ পৃথিবী থেকে সর্বাপেক্ষা দূরত্বে অবস্থান করলে সূর্যের আলোর প্রায় পুরোটাই পৃথিবীতে আসা বাধাগ্রস্ত হয়। তবে চাঁদকে ছাপিয়ে আসা সূর্যের আলো এক উজ্জ্বল বলয় তৈরি করে, যাকে বলা হয় ‘রিং অব ফায়ার’। এটাকে ‘বলয়গ্রাস’ সূর্যগ্রহণও বলা হয়। সূর্যগ্রহণ দেখতে গতকাল জাপানের বিভিন্ন এলাকায় জড়ো হয় লোকজন। টোকিওতে টেলিভিশনে এ দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়। সূর্যগ্রহণ শুরুর পর টোকিওতে হালকা বৃষ্টি হয়। তবে পূর্ণতা পাওয়ার পর মেঘ হালকা হয়ে আসায় সূর্যগ্রহণ প্রায় নিখুঁতভাবে দেখা গেছে।টোকিওর কেন্দ্রস্থলে হাজারো লোকের সঙ্গে যোগ দেওয়া কাওরি সাসাকি বলেন, ‘দৃশ্যটা সত্যিই খুব রহস্যজনক। এ রকমটা আমি আগে কখনো দেখিনি।’ঘন মেঘের কারণে এ দৃশ্য দেখা থেকে বঞ্চিত হয়েছে হংকংবাসী। এ ছাড়া যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো, নেভাদা, ক্যালিফোর্নিয়াসহ বিভিন্ন এলাকায় লোকজন সূর্যগ্রহণ দেখতে জড়ো হয়। বিবিসি।