‘বসনিয়ার কসাইয়ের’ বিচার শুরু
যুদ্ধাপরাধের অভিযোগে ‘বসনিয়ার কসাই’ খ্যাত সাবেক বসনিয়ার সার্ব বাহিনীর প্রধান রাতকো ম্লাদিচের বিচার শুরু হয়েছে। গতকাল বুধবার নেদারল্যান্ডের দ্য হেগে জাতিসংঘের আদালতে এ বিচার শুরু হয়। তাঁর বিরুদ্ধে ১১টি অভিযোগ আনা হয়েছে।৭০ বছর বয়সী ম্লাদিচের বিরুদ্ধে নব্বইয়ের দশকে বলকান যুদ্ধের সময় যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে বলকান যুদ্ধেই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। ১৯৯৫ সালে স্রেব্রেনিৎসায় আট হাজার পুরুষ ও বালককে হত্যার মূল হোতা বলা হয় ম্লাদিচকে। ম্লাদিচকে গতকাল আদালতে হাজির করার পর শুনানি শুরু হয়। শুনানিতে আন্তর্জাতিক আদালতের কৌঁসুলিরা বলেন, বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো ৪৪ মাস অবরুদ্ধ রেখে ‘সন্ত্রাসী অভিযান’ চালিয়ে ম্লাদিচ ১০ হাজার বেসামরিক মানুষকে হত্যা করেন। তিনি তাঁর সেনাবাহিনীকে বসনিয়ার বিভিন্ন শহর থেকে সার্বীয় বংশোদ্ভূত নয় এমন ব্যক্তি ও মুসলিমদের নিশ্চিহ্ন করার নির্দেশ দেন। কৌঁসুলি ডোর্মোট গ্রুমি আদালতে বলেন, ‘বলকান যুদ্ধের গণহত্যায় যে ম্লাদিচের হাত আছে, আমরা তা অবশ্যই প্রমাণ করব। এ সময় তিনি বিচারকদের ভিডিওচিত্র প্রদর্শন করেন। এতে দেখা যায়, সারায়েভোর একটি বাজারে এলোপাতাড়ি শেল নিক্ষেপ করা হয়। এতে ওই বাজারের বেশ কিছু বেসামরিক মানুষ প্রাণ হারায়। এর আগে শুনানি পেছানো-সংক্রান্ত ম্লাদিচের একটি আবেদন নাকচ করে দেন আদালত।শুনানির সময় মাদার্স অব স্রেব্রেনিৎসা গ্রুপ নামের একটি সংগঠনের সদস্যরা আদালতের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন। ম্লাদিচকে গত বছরের মে মাসে সার্বিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়। ওই মাসেই তাঁকে দ্য হেগে আন্তর্জাতিক আদালতে সোপর্দ করা হয়। রাতকো ম্লাদিচ শুরু থেকেই তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। গত বছর আদালতে শুনানিতে অংশ নিয়ে নিজেকে নির্দোষ দাবি করে ম্লাদিচ বলেন, ‘বিশ্বের সবাই জানে, আমি কে। আমি জেনারেল রাতকো ম্লাদিচ। আমি আমার দেশ ও দেশের জনগণকে রক্ষা করেছি। এখন এই আদালতে আমি নিজেকে রক্ষা করছি।’ম্লাদিচের এমন বক্তব্যে আদালতের গ্যালারিতে উপস্থিত বসনিয়া অভিযানের প্রত্যক্ষদর্শী অনেকেই তাঁকে ‘খুনি’, ‘হত্যাকারী’ বলে চিৎকার করতে থাকেন।বসনিয়ায় একই গণহত্যার অভিযোগে সাবেক সার্ব রাজনীতিবিদ রাদোভান কারাদজিচেরও বিচার চলছে। ২০০৮ সালে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ওই যুদ্ধের আরেক রূপকার সাবেক সার্বিয়ান প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচ গ্রেপ্তার হওয়ার পর ২০০৬ সালে কারাগারে মারা যান। বিবিসি, এএফপি।