'বাংলাদেশে সেক্যুলার সরকার বজায় থাকবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আশা প্রকাশ করে বলেছেন, ‘বাংলাদেশে সেক্যুলার (ধর্মনিরপেক্ষ) গণতান্ত্রিক সরকার বজায় থাকবে।’ এ ছাড়া দুই দেশের সম্পর্ক যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, তা সক্রিয় থাকবে।

মনমোহন সিং গতকাল শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ তথ্য জানায়।

ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ভারতের মধ্যে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের ব্যাপারেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।

মনমোহন সিংকে উদ্ধৃত করে দীপু মনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। নিরাপত্তার জন্য বাংলাদেশ যে ব্যবস্থা নিয়েছে, ভারত তাকে সব সময়ই গুরুত্বসহকারে দেখে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াসের কারণেই এই অঞ্চলে শান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে বলেও মনমোহন সিং উল্লেখ করেন। আলোচনার সময় তাঁরা দুই দেশের সরকারের মধ্যে নেওয়া প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করেন। উভয় দেশের মধ্যে বিদ্যুৎ-সংযোগ সঞ্চালন লাইনের কাজ এগিয়ে চলছে। সেপ্টেম্বর থেকে সঞ্চালন লাইনে বিদ্যুৎ-সংযোগ শুরু হবে।